পূর্বধলায় উন্নয়ন কাজের উদ্ভোদন ও গ্রাম পুলিশ- নারীদের মাঝে উপকরণ বিতরণ করলেন ডিসি
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৩০ পিএম
মোঃ নজরুল ইসলাম
নেত্রকোনার পূর্বধলা উপজেলা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ চত্বরে তিনি বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন এবং অনুদান ও উপকরণ বিতরণ করেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে এ পরিদর্শনের শুরুতে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান উপজেলা পরিষদের নতুন গেইট নির্মাণকাজ এবং এলজিইডির কারিগরি সহযোগিতায় অফিসার্স ক্লাব নির্মাণকাজের উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে প্রাপ্ত অর্থ ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের সদস্য ও শিক্ষার্থীদের মধ্যে এককালীন অনুদান হিসেবে তুলে দেওয়া হয়। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী, দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন এবং গ্রাম পুলিশ সদস্যদের হাতে বাইসাইকেল তুলে দেওয়া হয়।
পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াছমিন মিতু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকৌশলী মুহাম্মদ শফিউল্লাহ খন্দকার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জোবায়ের হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আছাদুজ্জামান এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক। পাশাপাশি উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, উপকারভোগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।