চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’, বন্ধ একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পিএম
চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আবারও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়ে চলমান সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন শিক্ষক নেতারাও। নতুন উপাচার্য নিয়োগসহ সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
বুধবার (২৫ নভেম্বর) রাতে আন্দোলন আরও বেগবান করার লক্ষ্যে সব শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত সভা শেষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়।
এ কর্মসূচির কারণে বিশ্ববিদ্যালয়ের সব ব্যাচের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে।
শিক্ষার্থীরা জানান, গত দুই মাসের বেশি সময় ধরে চলমান আন্দোলনে সব শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। এ সময়ে ঘোষিত কর্মসূচিগুলো শান্তিপূর্ণভাবে পালন করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান সংকট নিরসনে এখন পর্যন্ত কার্যকর ও টেকসই কোনো সমাধান আসেনি।
তাদের অভিযোগ, সংকট দীর্ঘায়িত হওয়ায় একাডেমিক কার্যক্রমের পাশাপাশি প্রশাসনিক কর্মকাণ্ডেও চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর সরাসরি ভুক্তভোগী হচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা। এ পরিস্থিতিতে সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোস্তফা খালিদ বিন শামস জানান, শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর ২টায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা।
এদিকে চুয়েটের উপাচার্য নিয়োগ ইস্যুতে আইইবির পক্ষ থেকেও সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।