নেত্রকোনায় কেন্দ্রীয় এনসিপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পিএম

রিপন কান্তি গুণ, নেত্রকোনা;

নেত্রকোনা পৌর শহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও নেত্রকোনা-২ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী মো. ফাহিম রহমান খান পাঠানের বাসায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ফাহিম রহমান খান পাঠান নেত্রকোনা পৌর শহরের হোসেনপুর এলাকার বাসিন্দা। তিনি এনসিপির কেন্দ্রীয় কমিটির বেসরকারি পেশাজীবী সহ-সম্পাদক এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে ১১-দলীয় জোটের প্রার্থী হিসেবে শাপলা কলি প্রতীকে নির্বাচনে অংশ অংশ নেন।

পৌরসভার হোসেনপুর এলাকায় (২৬ নভেম্বর) বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাসার বারান্দার একটি কক্ষে থাকা কিছু আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিসংযোগের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) একটি পোস্ট দিয়েছেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে বাসার বারান্দার একটি কক্ষে আগুন দেখতে পান ভেতরে থাকা লোকজন। পরে তাঁরা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয়রাও এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করেন।

ঘটনার সময় ফাহিম রহমান খান পাঠান ঢাকায় অবস্থান করছিলেন বলে জানা গেছে। তিনি মোবাইল ফোনে বলেন, বেশ কিছুদিন ধরে অজ্ঞাতনামা ফোন নম্বর থেকে তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল। বিষয়টি তিনি কেন্দ্রীয় নেতাদেরও জানিয়েছেন। তিনি আরও বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনাটি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের দোসরেরাই ঘটিয়েছে। আমি রাষ্ট্রের কাছে নিরাপত্তা চাই।‘

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com