টেকনাফের অটোরিকশাচালক সৈয়দ মিয়া হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০২:২৩ পিএম
উচমান গনি, উপজেলা প্রতিনিধি, টেকনাফ কক্সবাজার :
কক্সবাজারের টেকনাফে চাঞ্চল্যকর অটোরিকশাচালক সৈয়দ মিয়া হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান পলাতক আসামি মোহাম্মদ হোছাইন নিশানকে (২৩) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।
গত ২৫ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ বিকেল আনুমানিক ৫টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৫, সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)-এর একটি আভিযানিক দল কক্সবাজারের উখিয়া থানাধীন পালংখালী বাজারের ‘নিউ জেন্টালম্যান জেন্ট্স পার্লার’ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় হত্যা মামলার প্রধান পলাতক আসামি মোহাম্মদ হোছাইন নিশানকে গ্রেফতার করা হয়।
এসআরবি সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৫ ডিসেম্বর টেকনাফ থানায় অটোরিকশাচালক সৈয়দ মিয়া হত্যার ঘটনা ঘটে। ওই হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি হিসেবে নিশান দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
গ্রেফতারকৃত মোহাম্মদ হোছাইন নিশান (২৩) উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম পাড়ার বাসিন্দা। তিনি হান্নান মিয়া ও মায়মুনা বেগমের ছেলে।
এসআরবি-১৫ জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন হত্যা, অপহরণ, ডাকাতিসহ বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধে জড়িত পলাতক আসামিদের গ্রেফতার এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে কাজ করে যাচ্ছে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।