শ্রীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ- ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পিএম

আব্দুর রশিদ মোল্লা, মাগুরা প্রতিনিধি: জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে মাগুরার শ্রীপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসমিয়া আক্তার রোজী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খাঁন। তিনি বর্তমান সরকারের প্রাণিসম্পদ অধিদপ্তর নিয়ে নানা উদ্যোগ ও পরিকল্পনার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন শ্রীপুর উপজেলা শিল্পকলা একাডেমির পরিচালক আশরাফ হোসেন পল্টু। স্বাগত বক্তব্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মামুন খান উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের বিভিন্ন সেবামূলক কার্যক্রমের সাফল্য ও চ্যালেঞ্জ তুলে ধরেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক খান হাসান ইমাম সুজা, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জোয়ার্দার আশরাফুল আলম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়া র‍্যালি ও আলোচনা সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, উপজেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, খামারি, গবাদিপশু পালনকারী কৃষক, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা প্রাণিসম্পদ সপ্তাহের ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে সড়কে শোভাযাত্রা করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নিরাপদ দুধ, ডিম ও মাংস উৎপাদন, রোগ প্রতিরোধ, উন্নত জাতের গবাদিপশু পালন এবং খামারিদের আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে এ খাতকে আরও এগিয়ে নিতে হবে।

এছাড়া গবাদিপশুর টিকা প্রদান, কৃত্রিম প্রজনন, ঘাস চাষ ও খামার ব্যবস্থাপনা সম্পর্কে খামারিদের সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে উপজেলায় খামারি প্রশিক্ষণ, বিনামূল্যে টিকা প্রদান, প্রাণিসম্পদ প্রদর্শনী ও সচেতনতামূলক প্রচারণাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com