নানা আয়োজনে জয়পুরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পিএম
জয়পুরহাট প্রতিনিধি:
“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও প্রদর্শনীর মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত হয়েছে।
বৃহস্পতিবার ২৬ নভেম্বর সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউস মাঠে গিয়ে শেষ হয়। এতে প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় খামারি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে সার্কিট হাউস মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মহির উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জয়পুরহাট জেলা প্রশাসক মোঃ আল মামুন মিয়া।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনজু আলম সরকার, জেলা ভেটেরিনারি অফিসার রোস্তম আলী এবং জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন। এ ছাড়াও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা, খামারি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি এবং পুষ্টি চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গবাদিপশু ও পোল্ট্রি পালনের মাধ্যমে বর্তমানে অনেক মানুষ স্বাবলম্বী হচ্ছেন। খাতটিকে রপ্তানিমুখী করতে হলে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি মানসম্মত ও নিরাপদ পশুজাত পণ্য নিশ্চিত করতে হবে। এ জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশু পালন, খামারিদের প্রশিক্ষণ এবং রোগ প্রতিরোধে আরও সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
আলোচনা সভা শেষে অতিথিরা জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত প্রাণিসম্পদ প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
প্রদর্শনীতে উন্নত জাতের গবাদিপশু, হাঁস-মুরগি, প্রাণিসম্পদভিত্তিক বিভিন্ন পণ্য এবং আধুনিক খামার ব্যবস্থাপনার নানা দিক তুলে ধরা হয়। এ সময় অতিথিরা খামারিদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের বিভিন্ন কার্যক্রমের খোঁজখবর নেন।