নোবিপ্রবির গবেষনা: ব্যবহৃত চা-পাতায় দূর হবে শিল্পবর্জ্যের বিষাক্ত ক্রোমিয়াম, খরচ ৮০% কম
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ পিএম
মোঃ জাহিদ হাসান, নোবিপ্রবি প্রতিনিধি:
ফেলে দেওয়া চা-পাতা প্রক্রিয়াজাত করে শিল্পকারখানার বর্জ্যপানি থেকে বিষাক্ত ভারী ধাতু হেক্সাভ্যালেন্ট ক্রোমিয়াম (Cr(VI)) অপসারণের সম্ভাবনা দেখিয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) একদল গবেষক। তাঁদের গবেষণায় দেখা গেছে, ক্ষারীয় দ্রবণ দিয়ে প্রক্রিয়াজাত ব্যবহৃত চা-পাতা মাত্র ৬০ মিনিটে বর্জ্যপানি থেকে প্রায় ৯৫ দশমিক ৮৫ শতাংশ ক্রোমিয়াম অপসারণ করতে পারে। এতে শিল্পবর্জ্য শোধনে ব্যয়বহুল রাসায়নিক ও প্রচলিত প্রযুক্তির সাশ্রয়ী বিকল্প হিসেবে ব্যবহৃত চা-পাতার সম্ভাবনা তৈরি হয়েছে।
গবেষণাটি আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী Journal of Molecular Liquids-এ প্রকাশিত হয়েছে। এতে যৌথভাবে কাজ করেছেন মোহাম্মদ মাহবুব কবির, স্নিগ্ধা সেতু পাল মৌন, মোহাম্মদ মহিনুজ্জামান, সামিয়া আক্তার, শাহজালাল খন্দকার, মো. দিদারুল আলম, নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, মো. আমিনুল ইসলাম এবং এম. এ. শেনাশেন।
শিল্পবর্জ্যে বাড়ছে পরিবেশদূষণের ঝুঁকি
দেশের তৈরি পোশাক, টেক্সটাইল ও ট্যানারি শিল্পে বিভিন্ন পর্যায়ে বিপুল পরিমাণ বর্জ্যপানি তৈরি হয়। এসব বর্জ্যপানিতে ক্রোমিয়ামসহ বিভিন্ন ভারী ধাতু ও ক্ষতিকর রাসায়নিক থাকতে পারে। যথাযথ শোধন ছাড়া এসব বর্জ্য নদী, খাল ও জলাশয়ে ফেললে পানি ও মাটিদূষণের পাশাপাশি জলজ জীববৈচিত্র্যের ওপর দীর্ঘমেয়াদি বিরূপ প্রভাব পড়ে।
এ সমস্যা শুধু পরিবেশের জন্যই নয়, দেশের রপ্তানি বাণিজ্যের জন্যও চ্যালেঞ্জ তৈরি করছে। আন্তর্জাতিক বাজারে পরিবেশগত মানদণ্ড ও রাসায়নিক ব্যবস্থাপনার বিষয়টি ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তবে আধুনিক বর্জ্য শোধনাগার বা ইটিপি (ইএফটিপি) স্থাপন ও পরিচালনার ব্যয় অনেক শিল্পপ্রতিষ্ঠানের জন্য বড় বাধা। এ পরিস্থিতিতে সহজলভ্য ও স্বল্পমূল্যের উপাদান ব্যবহার করে বর্জ্যপানি শোধনের বিকল্প খুঁজছেন গবেষকেরা।
যেভাবে কাজ করবে ব্যবহৃত চা-পাতা
গবেষণায় ব্যবহৃত চা-পাতাকে প্রথমে ভালোভাবে ধুয়ে, শুকিয়ে ও গুঁড়া করা হয়। এরপর সোডিয়াম হাইড্রোক্সাইডের মতো ক্ষারীয় দ্রবণ দিয়ে প্রক্রিয়াজাত করে এর শোষণক্ষমতা বাড়ানো হয়। গবেষকেরা প্রক্রিয়াজাত উপাদানটিকে ক্ষার-পরিমার্জিত চা-বর্জ্য (এটিটিডব্লিউ) এবং অপরিশোধিত উপাদানটিকে (পিটিডব্লিউ) হিসেবে উল্লেখ করেছেন।
উপাদানটির গঠন ও বৈশিষ্ট্য বিশ্লেষণে এফটিআইআর ও এসইএম পরীক্ষা করা হয়। পাশাপাশি ব্যাচ অ্যাডজরপশন পরীক্ষার মাধ্যমে ক্রোমিয়াম অপসারণের সক্ষমতা যাচাই করা হয়।
পরীক্ষার ফলাফলে দেখা যায়, সাধারণ চা-বর্জ্য ৬০ মিনিটে ৮৩ দশমিক ৯০ শতাংশ ক্রোমিয়াম অপসারণ করতে পারলেও ক্ষার দিয়ে প্রক্রিয়াজাত চা-বর্জ্য একই সময়ে অপসারণ করতে পারে ৯৫ দশমিক ৮৫ শতাংশ। এটিটিডব্লিউর সর্বোচ্চ শোষণক্ষমতা পাওয়া গেছে প্রতি গ্রামে ১৫৮ দশমিক ৭৩ মিলিগ্রাম।
গবেষণায় আরও দেখা গেছে, অম্লীয় পরিবেশে উপাদানটি ক্রোমেট ও ডাইক্রোমেট আয়ন দ্রুত শোষণ করতে পারে। চা-পাতার জৈব কাঠামোয় থাকা হাইড্রোক্সিল ও কার্বক্সিল গ্রুপ এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ছাড়া জৈব উপাদানের প্রভাবে অধিক বিষাক্ত Cr(VI) অপেক্ষাকৃত কম বিষাক্ত Cr(III)-এ রূপান্তরিত হওয়ার বিষয়টিও গবেষণায় উঠে এসেছে।
ব্যবহারের পর ০.১০ মোলার নাইট্রিক অ্যাসিড (HNO_3) দিয়ে উপাদানটি পুনরায় ব্যবহারের উপযোগী করার সম্ভাবনাও পরীক্ষা করা হয়েছে। ফলে ব্যয়বহুল অ্যাক্টিভেটেড কার্বনের বিকল্প হিসেবে ব্যবহৃত চা-পাতা থেকে তৈরি এই শোষক উপাদান পরিবেশবান্ধব ও সাশ্রয়ী সমাধান হতে পারে বলে মনে করছেন গবেষকেরা।
খরচ কমাবে এই পদ্ধতি
গবেষণাটি এখনো পরীক্ষাগার পর্যায়ে থাকলেও প্রাপ্ত শোষণক্ষমতা ও বাজারদরের ভিত্তিতে প্রচলিত পদ্ধতির সঙ্গে একটি সম্ভাব্য ব্যয়চিত্র তুলে ধরা হয়েছে।
প্রচলিত রাসায়নিক পদ্ধতিতে (সোডিয়াম মেটাবাইসালফাইট ও চুন) ১ কেজি হেক্সাভ্যালেন্ট ক্রোমিয়ামকে বিষমুক্ত Cr(III)-এ রূপান্তর ও তলানি হিসেবে আলাদা করতে প্রায় ৪ থেকে ৬ কেজি রাসায়নিক লাগে। এ ছাড়া তৈরি হওয়া বিষাক্ত স্লাজ ব্যবস্থাপনায় বড় অঙ্কের খরচ হয়। সব মিলিয়ে প্রতি কেজি ক্রোমিয়াম পরিশোধনে খরচ পড়ে প্রায় ৮০০ থেকে ১,৫০০ টাকা। অন্যদিকে আমদানিকৃত বাণিজ্যিক অ্যাক্টিভেটেড কার্বনের ক্ষেত্রে ১ কেজি ক্রোমিয়াম শোষণে ৮ থেকে ১০ কেজি কার্বন প্রয়োজন হয়, যাতে শুধুমাত্র শোষক উপাদানের পেছনেই খরচ পড়ে ২,০০০ থেকে ৪,৫০০ টাকা।
বিপরীতে ক্ষার-পরিমার্জিত চা-বর্জ্যের সর্বোচ্চ শোষণক্ষমতা প্রতি গ্রামে ১৫৮.৭৩ মিলিগ্রাম হওয়ায় ১ কেজি ক্রোমিয়াম শোষণ করতে প্রায় ৬.৩ কেজি প্রক্রিয়াজাত চা-পাতা লাগে। চায়ের দোকান বা কারখানা থেকে সংগৃহীত ফেলে দেওয়া চা-পাতার সংগ্রহ ও পরিবহন বাবদ সামান্য খরচ (প্রায় ৫০ টাকা) এবং সোডিয়াম হাইড্রোক্সাইড, ধোয়া, শুকানো ও বিদ্যুৎ মিলিয়ে ৬.৩ কেজি উপাদান তৈরিতে আনুমানিক ২৫০ থেকে ৩৫০ টাকা খরচ হতে পারে। নাইট্রিক অ্যাসিড দিয়ে ধুয়ে উপাদানটি একাধিকবার ব্যবহার করা গেলে কার্যকর খরচ আরও কমে আসবে। সব মিলিয়ে এই পদ্ধতিতে প্রতি কেজি ক্রোমিয়াম পরিশোধনে সম্ভাব্য খরচ পড়তে পারে ১৫০ থেকে ৩৫০ টাকা। এতে প্রচলিত পদ্ধতির তুলনায় খরচ ৬০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত কমার সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
শিল্পকারখানায় প্রয়োগের আগে আরও গবেষণা প্রয়োজন
পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও গবেষক স্নিগ্ধা পাল বলেন, দেশের গার্মেন্টস ও ট্যানারি শিল্পের বর্জ্যপানি থেকে দূষক অপসারণে কম খরচে কার্যকর প্রযুক্তি প্রয়োজন। বাংলাদেশে চা-বর্জ্য সহজলভ্য হওয়ায় তা থেকে শোষক উপাদান তৈরি করা গেলে একদিকে বর্জ্যের মূল্য সংযোজন হবে, অন্যদিকে প্রচলিত বর্জ্য শোধনব্যবস্থার পরিপূরক হিসেবেও এটি ব্যবহার করা সম্ভব। এতে শিল্পপ্রতিষ্ঠানগুলোর পরিবেশগত মানদণ্ড বজায় রাখা এবং আন্তর্জাতিক ক্রেতাদের শর্ত পূরণে সহায়তা মিলতে পারে।
গবেষণাটির অন্যতম গবেষক ও বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান বলেন, বাংলাদেশের শিল্পায়নের অগ্রগতি পরিবেশ, নদী-নালা ও জনস্বাস্থ্যের বিনিময়ে হতে পারে না। গার্মেন্টস ও ট্যানারি শিল্প অর্থনীতির অন্যতম ভিত্তি হলেও এসব শিল্পের বর্জ্যপানি যথাযথভাবে শোধন না হলে অর্থনৈতিক প্রবৃদ্ধিই একসময় পরিবেশগত বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই ব্যয়বহুল বর্জ্য শোধন প্রযুক্তির পাশাপাশি কার্যকর ও সাশ্রয়ী বিকল্প তৈরি করা জরুরি।
তিনি আরও বলেন, ‘আমাদের গবেষণায় চা-বর্জ্য প্রক্রিয়াজাত করে ৯৫ দশমিক ৮৫ শতাংশ পর্যন্ত Cr(VI) অপসারণের সক্ষমতা দেখা গেছে। এত দিন যে বর্জ্যকে মূল্যহীন মনে করা হতো, সেটিই শিল্পদূষণ নিয়ন্ত্রণের কার্যকর সম্পদে পরিণত হতে পারে। আমাদের লক্ষ্য শুধু নতুন একটি দূষণ অপসারণকারী উপাদান তৈরি করা নয়; বরং স্থানীয়ভাবে সহজলভ্য উপকরণ ব্যবহার করে শিল্পপ্রতিষ্ঠানের জন্য অর্থনৈতিকভাবে গ্রহণযোগ্য ও পরিবেশের জন্য কার্যকর প্রযুক্তির পথ তৈরি করা।’
অধ্যাপক মহিনুজ্জামান আরোও বলেন, বাংলাদেশের শিল্পের ভবিষ্যৎ শুধু উৎপাদন ও রপ্তানির পরিমাণ দিয়ে নির্ধারিত হবে না; বরং কতটা দায়িত্বশীলভাবে উৎপাদন করা হচ্ছে, সেটিও আন্তর্জাতিক বাজারে দেশের অবস্থান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দূষণমুক্ত শিল্পায়ন কোনো বিলাসিতা নয়, এটি টেকসই উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়িত্ব।
তবে গবেষণাটি এখনো পরীক্ষাগার পর্যায়ে রয়েছে বলে জানান গবেষক স্নিগ্ধা পাল। শিল্পকারখানায় সরাসরি ব্যবহারের আগে বাস্তব বর্জ্যপানিতে এর কার্যকারিতা যাচাই এবং বৃহৎ পরিসরে প্রয়োগের উপযোগিতা পরীক্ষা করতে হবে।
এ জন্য গবেষকেরা কন্টিনিউয়াস-ফ্লো ফিক্সড-বেড কলাম ব্যবস্থায় পরীক্ষা ও প্রযুক্তিটির বৃহৎ পরিসরে প্রয়োগের ওপর গুরুত্ব দিয়েছেন। পাশাপাশি শোষক উপাদানটি বারবার ব্যবহারের উপযোগী করতে পুনরুজ্জীবন প্রক্রিয়া নিয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে। ক্রোমিয়ামের পাশাপাশি সিসা, ক্যাডমিয়ামসহ অন্যান্য ভারী ধাতু এবং ক্ষতিকর রং ও ওষুধশিল্পের বর্জ্য অপসারণেও উপাদানটির কার্যকারিতা যাচাইয়ের পরিকল্পনা রয়েছে বলে জানান গবেষকেরা।
গবেষকদের মতে, পরীক্ষাগারের ফলাফল বাস্তব শিল্পক্ষেত্রেও কার্যকর প্রমাণিত হলে ফেলে দেওয়া চা-পাতা একদিকে যেমন বর্জ্য ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনা তৈরি করবে, অন্যদিকে শিল্পকারখানার দূষণ নিয়ন্ত্রণেও সাশ্রয়ী ভূমিকা রাখতে পারে।