দিনাজপুরে ১ হাজার ৯১৫ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ পিএম
রফিকুল ইসলাম সাবুল : রংপুর প্রতিনিধি:
দিনাজপুরে ১ হাজার ৯১৫ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে দিনাজপুর শহরের বালুবাড়ী শহীদ মিনার মোড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন দিনাজপুর সদর উপজেলার জোতবহবল ডাঙ্গাপাড়া এলাকার মৃত সোবহান আলীর ছেলে মো. সফিকুল ইসলাম (৩৯) এবং তার স্ত্রী মোছা. ফরিদা (৩২)।
এসআরবি-১৩ সূত্রে জানা যায়, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সিপিসি-১, এসআরবি-১৩ দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল মঙ্গলবার সকাল ১০টা ৪৫ মিনিটে কোতোয়ালী থানাধীন বালুবাড়ী শহীদ মিনার মোড়ে অভিযান পরিচালনা করে। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৯১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে মাদক ব্যবসার অভিযোগে স্বামী-স্ত্রী দুজনকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় এসআরবি বাদী হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামি ও উদ্ধার করা ইয়াবা সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।