অফিস শুরুর সাড়ে তিন ঘণ্টা পর হাজির ইউপি প্রশাসনিক কর্মকর্তা, ভোগান্তিতে সেবাপ্রার্থীরা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
জয়পুরহাট সদর উপজেলার ৭ নম্বর বম্বু ইউনিয়ন পরিষদে প্রশাসনিক কর্মকর্তার চরম অনিয়ম ও দেরিতে অফিসে উপস্থিতির অভিযোগ উঠেছে। অফিস শুরুর নির্ধারিত সময় সকাল ১০টা হলেও ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোছাঃ আলপনা পারভীন কার্যালয়ে উপস্থিত হয়েছেন দুপুর ১টা ৩৭ মিনিটে। অভিযোগ রয়েছে, কার্যালয়ে সাংবাদিকদের উপস্থিতির খবর পেয়েই তড়িঘড়ি করে তিনি অফিসে আসেন।
সরেজমিনে বুধবার ২৫ নভেম্বর বম্বু ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে দেখা যায়, অফিসের কার্যক্রম শুরুর সাড়ে তিন ঘণ্টা পেরিয়ে গেলেও প্রশাসনিক কর্মকর্তার কক্ষ ফাঁকা। তাঁর টেবিলে জমে আছে সেবাপ্রার্থীদের গুরুত্বপূর্ণ নথিপত্রের স্তূপ। স্থানীয়দের অভিযোগ, নানা কাজের অজুহাত দেখিয়ে নিয়মিত দেরিতে অফিসে আসা এবং অনুপস্থিত থাকা তাঁর নিত্যদিনের রুটিনে পরিণত হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে জয়পুরহাট সদর উপজেলার স্থায়ী বাসিন্দা আলপনা পারভীন দাবি করেন, তিনি নিয়মিতই সঠিক সময়ে অফিসে আসেন। তবে গত কয়েক মাসে একাধিকবার চেয়ারম্যান পরিবর্তন হওয়ায় ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত কাগজপত্র নিয়ে তাঁকে ব্যাংক ও বিভিন্ন দপ্তরে যেতে হচ্ছে।
তিনি বলেন, "আমার বাসা জয়পুরহাট সদরে হওয়ায় সরাসরি অফিসে না এসে জরুরি কাজ সেরে ইউনিয়ন পরিষদে এসেছি। তবে হাজিরা খাতায় স্বাক্ষর না করে ও অফিসে না এসে সরাসরি বাইরে কাজ করতে যাওয়া আমার উচিত হয়নি।"
তবে তাঁর এই বক্তব্যের সাথে ব্যাংকিং নিয়ম ও চেয়ারম্যানের বক্তব্যের অমিল পাওয়া গেছে।
ব্যাংকিং নিয়ম অনুযায়ী, যৌথ অ্যাকাউন্ট বা মালিকানা পরিবর্তনের ক্ষেত্রে সংশ্লিষ্ট দুই পক্ষেরই (চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তা) উপস্থিতি প্রয়োজন। কিন্তু ইউনিয়নের সদ্য দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান জানান, তিনি মাত্র ১৫ দিন আগে দায়িত্ব নিয়েছেন এবং ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তনের বিষয়ে এখনো বিস্তারিত জানেন না। চেয়ারম্যান বলেন, "আমি নিজে সকাল ৯টায় অফিসে আসি। দায়িত্বশীল কর্মকর্তা অনুপস্থিত থাকলে জনগণের ভোগান্তি হওয়াটাই স্বাভাবিক।
আলপনা পারভীন আগে অসুস্থতাজনিত ছুটিতে ছিলেন, তবে বর্তমানে কেন নিয়মিত হচ্ছেন না তা তিনিই ভালো বলতে পারবেন।"
অফিসের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর সুবল চন্দ্র পাহান জানান, তিনি নিজের দাপ্তরিক কাজ নিয়মিত করলেও প্রশাসনিক কর্মকর্তা কেন দেরিতে আসেন বা বাইরে কী কাজে থাকেন, সে বিষয়ে তাঁর কোনো ধারণা নেই।
এদিকে সেবা নিতে আসা আলেফোন, সজিব, বিধান ও আনোয়ারসহ একাধিক ভুক্তভোগী জানান, জন্ম-মৃত্যু নিবন্ধন ও নাগরিক সনদসহ জরুরি কাগজপত্রের জন্য এসে তাঁরা প্রশাসনিক কর্মকর্তাকে পাননি। বাধ্য হয়ে স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যানের কাছে কাগজপত্র জমা দিয়ে ফিরে যাচ্ছেন।
উল্লেখ্য, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৬২ ধারা (২০২৪ সালের সংশোধনী অনুযায়ী) মোতাবেক 'ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা' ইউনিয়নের দাপ্তরিক কার্যক্রম পরিচালনা, নথিপত্র সংরক্ষণ ও নাগরিক সেবা প্রদানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সরকারি বিধি অনুযায়ী, প্রতিটি কর্মকর্তা-কর্মচারীর নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত হয়ে হাজিরা খাতায় স্বাক্ষর করার পর দাপ্তরিক কাজে বাইরে যাওয়ার নিয়ম থাকলেও এক্ষেত্রে তার ব্যত্যয় ঘটেছে।
সার্বিক বিষয়ে জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, "সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি অবগত হলাম। ঘটনাটি গুরুত্বের সাথে আমলে নিয়ে তদন্ত সাপেক্ষে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"