নারী নির্যাতন প্রতিরোধে নোবিপ্রবিতে মানববন্ধন, নিরাপদ ক্যাম্পাসের দাবি শিক্ষার্থীদের
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পিএম
মোঃ জাহিদ হাসান, নোবিপ্রবি প্রতিনিধি :
‘ন্যায়বিচার নিশ্চিত করুন, নির্যাতিতদের সুরক্ষা দিন, দায়মুক্তির অবসান ঘটান’—প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
নোবিপ্রবি ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী ও সাবেক সহসভাপতি আলজকি হোসেনের নেতৃত্বে আয়োজিত মানববন্ধনে নারীর প্রতি সব ধরনের সহিংসতা, নির্যাতন ও বৈষম্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ব্যানার-ফেস্টুন হাতে অংশ নেন।
মানববন্ধনে আলজকি হোসেন বলেন, নারীর নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিশ্চিত করা সবার নৈতিক ও সামাজিক দায়িত্ব। নারী নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি নির্যাতনের শিকার ব্যক্তিদের সুরক্ষা, ন্যায়বিচার নিশ্চিত করা এবং অপরাধীদের দায়মুক্তির অবসান ঘটাতে হবে।
তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের প্রত্যাশা অনুযায়ী নোবিপ্রবি হবে একটি নিরাপদ, মানবিক ও বৈষম্যহীন ক্যাম্পাস, যেখানে প্রতিটি নারী শিক্ষার্থী সম্মান ও নিরাপত্তার সঙ্গে নিজের স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যেতে পারবেন।
আলজকি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের কোনো নারী শিক্ষার্থী সহপাঠী, টিউশন, স্থানীয় এলাকা, নিজ বিভাগ কিংবা প্রশাসনিক স্থানে হেনস্তা বা হয়রানির শিকার হলে তাঁরা নিজেদের অবস্থান থেকে তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপ নেবেন। শুধু তাই নয়, ক্যাম্পাসের যেকোনো ছাত্রসংগঠনের রাজনৈতিক নেতা বা কর্মী কোনো নারী শিক্ষার্থীর সঙ্গে অশালীন আচরণ, হয়রানি কিংবা হেনস্তা করলে তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে দ্বিধা করবেন না। এ ক্ষেত্রে উপযুক্ত সাংগঠনিক শাস্তির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি। নিজের নীতিবাক্য হিসেবে তিনি বলেন, ‘নিরাপদে নারী, নিরাপদ দেশ; সবার আগে বাংলাদেশ।’
শিক্ষার্থী সুমাইয়া ইসলাম তুষমি বলেন, নারী নির্যাতন সমাজের একটি গুরুতর সমস্যা। বর্তমানে নারীরা ঘরে-বাইরে বিভিন্ন ধরনের নির্যাতন ও হয়রানির শিকার হচ্ছেন। শুধু আইন প্রণয়ন নয়, এর যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। নির্যাতনের শিকার ব্যক্তিদের নিরাপত্তা, সামাজিক মর্যাদা ও ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ক্ষমতা, পরিচয় কিংবা প্রভাবের কারণে কেউ যেন শাস্তি এড়িয়ে যেতে না পারে। প্রতিটি নারী যেন ভয়মুক্ত পরিবেশে সম্মান ও মর্যাদার সঙ্গে বাঁচতে পারেন, সে জন্য নিরাপদ ও নারীবান্ধব সমাজ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
শিক্ষার্থী এটিনা চাকমা বলেন, নারী নির্যাতন শুধু ব্যক্তিগত সমস্যা নয়, এটি পুরো সমাজের সমস্যা। ঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র কিংবা বাইরে—কোথাও যেন নারী অনিরাপদ বোধ না করেন, তা নিশ্চিত করা সবার দায়িত্ব। নির্যাতনের প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত, ভুক্তভোগীদের ন্যায়বিচার এবং তাঁদের ভয়, সামাজিক চাপ ও হয়রানি থেকে সুরক্ষা নিশ্চিত করতে হবে। অপরাধীদের শাস্তি না হওয়ায় এ ধরনের ঘটনা বারবার ঘটছে উল্লেখ করে তিনি দায়মুক্তির সংস্কৃতির অবসানের দাবি জানান।
তিনি আরও বলেন, নারীর মতামত ও স্বাধীনতাকে মূল্য দেওয়া এবং তাঁর নিরাপত্তা নিশ্চিত করা কোনো অনুগ্রহ নয়, বরং মৌলিক অধিকার। নারীর প্রতি সব ধরনের সহিংসতা বন্ধ, নির্যাতিতদের সুরক্ষা এবং প্রতিটি অপরাধের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। এ অঙ্গীকার শুধু দিবস পালনের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবনেও কার্যকর করার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন
নোবিপ্রবির গবেষনা: ব্যবহৃত চা-পাতায় দূর হবে শিল্পবর্জ্যের বিষাক্ত ক্রোমিয়াম, খরচ ৮০% কম
নোবিপ্রবিতে রিসার্চ মেথডোলজি ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
পঞ্চগড়ের বোদায় তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের হেনস্তার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে