‘উন্নত দেশ গড়তে প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করতে হবে’: এমপি নুরুল আমিন
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৭:২২ পিএম
চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:
উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করার ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন। তিনি বলেছেন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষার পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং বিদ্যালয়গুলোর বিদ্যমান সমস্যা সমাধানে শিক্ষকদের পাশে থাকারও আশ্বাস দেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের মীরসরাই জেলা পরিষদ মিলনায়তনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভা শেষে সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা দেওয়া হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোজিনা রহমান। সঞ্চালনা করেন সহকারী শিক্ষা কর্মকর্তা হাসান মুরাদ চৌধুরী।
এমপি নুরুল আমিন বলেন, “শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের আন্তরিকতা, দায়িত্বশীলতা ও সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। বিদ্যালয়গুলোর শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং বিভিন্ন সমস্যা সমাধানে আমি প্রয়োজনীয় সহযোগিতা করব।”
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাবেক সদস্যসচিব গাজী নিজাম, উপজেলা প্রাথমিক বদলি কমিটির সদস্য শহিদুল ইসলাম স্বপন ও আবু দাউদ।
সহকারী শিক্ষকদের পক্ষে বক্তব্য দেন খিল হিঙ্গুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দোস্ত মোহাম্মদ। প্রধান শিক্ষকদের পক্ষে বক্তব্য দেন মিঠানালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন ধুম। এ ছাড়া কাজিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ ফরিদসহ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার ১৯১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত দায়িত্ব, বিদ্যালয়ের পরিবেশ ও পরিচালনাসংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। এতে উপজেলার ১৯১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা অংশ নেন।
আরও পড়ুন
নোবিপ্রবিতে রিসার্চ মেথডোলজি ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
পঞ্চগড়ের বোদায় তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের হেনস্তার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে
চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৭৩ জনসহ ৮৪৯ জন গ্রেপ্তার