টুঙ্গিপাড়া থানা ভাংচুর ও আগুন ৮ হাজার ২৬ জনকে আসামি করে মামলা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ পিএম

সাইফুল ইসলাম, গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ৮ হাজার ২৬ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।

মামলায় প্রধান আসামি করা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখকে। তিনি ছাড়াও মামলায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো: ইলিয়াস হোসেন সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক তৌফিক বিশ্বাস, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ বাবুল হোসেন খোকন, উপজেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি শামচুল হক, যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ বিশ্বাস সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৫ জনকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আর ও ৮ হাজার জনকে আসামি করা হয়েছে।

গত ২২ নভেম্বর টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) কামরুল আহম্মেদ বাদী হয়ে মামলাটি দায়ের করলেও সেটি প্রকাশ করা হয়নি। পরবর্তীতে ২৬ নভেম্বর বিকালে মামলার বিষয়টি জানাজানি হলে মামলার তদন্তকারী কর্মকর্তা ও টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফুল ইসলাম বৃহস্পতিবার সন্ধায় মামলা দায়েরের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৭ নভেম্বর সন্ধ্যা ৭টা ১০ মিনিট থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটায় সজ্জিত হয়ে সংঘবদ্ধ একটি দল বেআইনিভাবে টুঙ্গিপাড়া থানায় প্রবেশ করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। খুনের উদ্দেশ্যে মারধর করে পুলিশ সদস্যদের গুরুতর জখম করা হয়। একপর্যায়ে থানার অস্ত্রাগারের তালা ভেঙে অস্ত্র ও গোলাবারুদ লুট করে তারা। একই সঙ্গে সরকারি গাড়ি, থানা ভবন ও পুলিশ ব্যারাকসহ বিভিন্ন সরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগ করে ব্যাপক ক্ষতিসাধন করে ।

ক্ষয়ক্ষতির বিষয়ে মামলার বিবরণীতে বলা হয়েছে, সেদিন থানার অস্ত্রাগার থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের মধ্যে রয়েছে একটি এলএমজির ১০০ রাউন্ড গুলি, আটটি ৭.৬২ চায়না রাইফেল ও ২৮১ রাউন্ড গুলি, ১১টি শটগান ও ৬৬৯ রাউন্ড রাবার কার্তুজ, দুটি গ্যাসগান ও ২৮টি গ্যাস সেল। এ ছাড়া আটটি ৯ এমএম পিস্তল, ২২টি ম্যাগাজিন ও ১৯৮ রাউন্ড গুলি, একটি ৭.৬২ পিস্তল, চারটি ম্যাগাজিন ও ২৬ রাউন্ড গুলি এবং তিনটি এসএমজি, ছয়টি ম্যাগাজিন ও ১৫০ রাউন্ড গুলি। লুট হওয়া এসব অস্ত্র ও গোলাবারুদের আনুমানিক মূল্য ৩ কোটি টাকা। এছাড়া সব মিলিয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটে সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২১ কোটি টাকা মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৮ টায় গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু বলেন, টুঙ্গিপাড়া থানায় হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় এখনও কোন আসামিকে গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com