বীর সিংজুরীতে চম্পা হত্যাকাণ্ডে, মামলা হওয়ার তিন ঘণ্টায় প্রেমিককে গ্রেপ্তার করলো পিবিআই
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৯:২৭ পিএম
মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের ঘিওরে গার্মেন্টসকর্মী চম্পা বেগম (৪০) হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) । এ ঘটনায় মামলা দায়েরের মাত্র তিন ঘণ্টার মধ্যে মো. জসিম উদ্দিন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে সংস্থাটি । পিবিআইয়ের দাবি, দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক, বিয়ের চাপ ও বিরোধের জের ধরে চম্পাকে হত্যা করেন জসিম ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ পিবিআই কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিবিআইয়ের পুলিশ সুপার জয়িতা শিল্পী । গ্রেপ্তার জসিম উদ্দিন ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নের বীর সিংজুরী এলাকার বাসিন্দা ।
পিবিআই সূত্রে জানা যায়, নিহত চম্পা বেগম একই গ্রামের স্বপন মিয়ার স্ত্রী । তিনি সাটুরিয়ার নয়াডিঙ্গী এলাকার তারাসিমা গার্মেন্টসে শ্রমিক হিসেবে কাজ করতেন । প্রতিদিন সকাল ভোরে কর্মস্থলে গিয়ে রাত প্রতিদিন রাত ৯টা থেকে ১০টার মধ্যে কর্মস্থল থেকে বাড়ি ফিরতেন তিনি । কিন্তু গত ২৩ নভেম্বর ভোর ৫টার দিকে কর্মস্থলের উদ্দেশে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তিনি । তাঁর মুঠোফোনও বন্ধ পাওয়া যায় ।
পরদিন ২৪ নভেম্বর সকাল ৬টার দিকে ঘরের পেছনে আতাগাছের নিচে চম্পার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা । খবর পেয়ে ঘিওর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় । এ ঘটনায় ২৫ নভেম্বর ঘিওর থানায় হত্যা মামলা দায়ের হয় । পরে মামলাটির তদন্তভার পায় পিবিআই মানিকগঞ্জ ।
পিবিআইয়ের দাবি, চম্পা বেগমের সঙ্গে জসিমের দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক ছিল । ইমো ও মেসেঞ্জারের মাধ্যমে তাঁদের নিয়মিত যোগাযোগ হতো । একপর্যায়ে চম্পা তাঁকে বিয়ের জন্য চাপ দিতে থাকেন । তবে জসিম বিবাহিত এবং তাঁর সন্তান থাকায় বিয়েতে রাজি ছিলেন না । বয়সের ব্যবধান নিয়েও তাঁদের মধ্যে বিরোধ ছিল ।
পিবিআইয়ের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন বিয়ে নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয় । একপর্যায়ে উত্তেজিত হয়ে জসিম চম্পার গলায় ওড়না পেঁচিয়ে তাঁকে হত্যা করেন । প্রাথমিক জিজ্ঞাসাবাদে জসিম হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পিবিআই ।
পুলিশ সুপার জয়িতা শিল্পী বলেন, প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ ও বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে দ্রুততম সময়ে আসামিকে শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হয়েছে । হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা উদ্ঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে ।