তিন দিনব্যাপী রংপুর জেলা ইজতেমা শুরু, আখেরি মোনাজাত শনিবার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১১:৫৭ এএম
রফিকুল ইসলাম সাবুল : রংপুর প্রতিনিধি
ঈমান-আমল ও আত্মশুদ্ধির আহ্বানে প্রথম দিনেই মুসল্লিদের ঢল
রংপুর, ২৬ নভেম্বর ২০২৬: দ্বীনের দাওয়াত, ঈমান-আমলের মেহনত ও আত্মশুদ্ধির আহ্বানের মধ্য দিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী রংপুর জেলা ইজতেমা। বৃহস্পতিবার ভোরে নগরীর দর্শনা দ্বীপ আই কেয়ার চক্ষু হাসপাতালের পাশের মাঠে আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম। আগামী শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ আয়োজন।
বৃহস্পতিবার বাদ ফজর ইজতেমার প্রথম বয়ান পেশ করেন তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় মুরব্বি মুফতি রুহুল আমিন। বয়ানে তিনি ঈমানের গুরুত্ব, নামাজের প্রতি যত্নবান হওয়া, সুন্নাহ অনুসরণ এবং ব্যক্তিগত ও পারিবারিক জীবনে দ্বীনি পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।
মুফতি রুহুল আমিন বলেন, আল্লাহ মানুষকে তাঁর ইবাদতের জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, আর আখিরাতের জীবন চিরস্থায়ী। তাই দুনিয়ার জীবনকে আল্লাহর হুকুম ও মহানবী (সা.)-এর দেখানো তরিকা অনুযায়ী পরিচালিত করতে হবে। এর মধ্যেই রয়েছে আখিরাতের সফলতা।
ঈমানের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ঈমান মানুষের সবচেয়ে বড় সম্পদ। ঈমান ছাড়া কোনো আমল কবুল হবে না। ঈমানকে মজবুত করতে বেশি বেশি কালেমার মেহনত করতে হবে এবং আল্লাহর কুদরত নিয়ে আলোচনা করতে হবে।
নামাজ প্রসঙ্গে তিনি বলেন, নামাজ দ্বীনের খুঁটি। যে ব্যক্তি নিজের নামাজ ঠিক করবে, তার দ্বীনের অন্যান্য বিষয়ও ঠিক হয়ে আসবে। এ জন্য পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে মসজিদে আদায়ের প্রতি গুরুত্বারোপ করেন তিনি।
যুবসমাজের প্রসঙ্গ টেনে মুফতি রুহুল আমিন বলেন, ফেতনা-ফাসাদ, মোবাইল আসক্তি ও বস্তুবাদের প্রভাবে তরুণদের একটি অংশ দ্বীনি পরিবেশ থেকে দূরে সরে যাচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণে মসজিদমুখী হওয়া, ঘরে ঘরে তালিম চালু করা এবং সন্তানদের দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে তোলা প্রয়োজন।
ইকরামুল মুসলিমিন বা মুসলমানের পারস্পরিক অধিকার সম্পর্কে তিনি বলেন, মুসলমান মুসলমানের ভাই। একে অপরকে সম্মান করা, কাউকে কষ্ট না দেওয়া এবং গিবত ও পরনিন্দা থেকে বিরত থাকা প্রত্যেক মুসলমানের দায়িত্ব।
ইজতেমার তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, ইজতেমা কোনো উৎসব নয়; এটি ঈমানকে তাজা করার মেহনতের ময়দান। এখানে মানুষ দুনিয়াবি ব্যস্ততা থেকে কিছুটা সময় বের করে আখিরাতের কথা স্মরণ করে। তিন দিনের দ্বীনি পরিবেশ ও সাহচর্য থেকে নামাজ, আখলাক এবং জীবনকে সুন্নাহ অনুযায়ী গড়ে তোলার শিক্ষা নেওয়ার আহ্বান জানান তিনি।
ইজতেমার প্রথম দিন থেকেই রংপুর জেলার আট উপজেলা ছাড়াও আশপাশের বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা দলে দলে ময়দানে আসছেন। বয়ান, তালিম, জিকির, ছয় নম্বরের আলোচনা ও জামাত গঠনের মধ্য দিয়ে চলছে ইজতেমার কার্যক্রম।
আয়োজকেরা জানান, আগামী শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিন দিনের এ ইজতেমা শেষ হবে। মোনাজাতে দেশ ও জাতির শান্তি, কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য ও সমৃদ্ধি কামনা করা হবে।
ইজতেমা উপলক্ষে মুসল্লিদের নিরাপত্তা ও সার্বিক সহযোগিতায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ময়দানে পানি, বিদ্যুৎ ও চিকিৎসাসেবার ব্যবস্থাও রাখা হয়েছে।