মহাকাশে অস্ত্রায়নের বিরুদ্ধে একজোট পাঁচ দেশ, যুক্তরাষ্ট্রকে নিয়ে শঙ্কা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১১:৩৫ এএম
মোঃ মিলন শাহ, বিশেষ প্রতিনিধি :
মহাকাশে অস্ত্র মোতায়েনের যেকোনো প্রচেষ্টার তীব্র নিন্দা জানিয়েছে ইরান, চীন, রাশিয়া, বেলারুশ ও কিউবা। দেশগুলো সতর্ক করে বলেছে, কক্ষপথে তথাকথিত ‘স্পেস কন্ট্রোল উইপন’ বা মহাকাশ নিয়ন্ত্রণকারী অস্ত্র থাকার বিষয়ে যুক্তরাষ্ট্রের স্বীকারোক্তি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য এক বিপজ্জনক হুমকি।গত ২৪ নভেম্বর জেনেভায় জাতিসংঘ সাধারণ পরিষদের অধীনে ‘মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা প্রতিরোধ বিষয়ক ওপেন-এন্ডেড ওয়ার্কিং গ্রুপ’ (পিএআরওএস) -এর চতুর্থ অধিবেশনে ইরানের প্রতিনিধি পাঁচ দেশের পক্ষে এই যৌথ বিবৃতি পাঠ করেন।
বিবৃতিতে ওয়াশিংটনের এমন অস্ত্র থাকার স্বীকারোক্তিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয়, এটি মহাকাশের অস্ত্রায়নের দিকে একটি বিপজ্জনক পদক্ষেপ। মহাকাশকে সম্ভাব্য যুদ্ধক্ষেত্র হিসেবে দেখার সামরিক মতবাদ প্রত্যাখ্যান করে দেশ পাঁচটি কক্ষপথে অস্ত্র মোতায়েন বা অস্ত্র প্রতিযোগিতা উসকে দেয়—এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সব দেশের প্রতি আহ্বান জানিয়েছে।
১৯৬৭ সালের আউটার স্পেস ট্রিটি বা মহাকাশ চুক্তিসহ আন্তর্জাতিক আইন শক্তিশালী করার ওপর জোর দিয়ে দেশগুলো মহাকাশে অস্ত্র মোতায়েন নিষিদ্ধে একটি আইনগত বাধ্যতামূলক আন্তর্জাতিক চুক্তির আহ্বান জানায়। এ ক্ষেত্রে চীন ও রাশিয়ার প্রস্তাবিত ‘পিপিডব্লিউটি’ চুক্তির খসড়াকে আলোচনার ভিত্তি হিসেবে উল্লেখ করা হয়।
বিবৃতির শেষে বলা হয়, শান্তিপূর্ণ উদ্দেশ্যে মহাকাশকে সংরক্ষণ করা আন্তর্জাতিক সম্প্রদায়ের যৌথ দায়িত্ব এবং কক্ষপথে অস্ত্র মোতায়েনের মাধ্যমে কোনো নতুন বাস্তবতা তৈরি হতে দেওয়া যাবে না।
তথ্য সূত্র : দ্যা তেহরান টাইমস, তাস , পার্স টিভি ও অন্যান্য।