চট্টগ্রাম-ডারবানকে সিস্টার সিটি করার প্রস্তাব ডা. শাহাদাতের
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১১:৩৮ এএম
চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:
চট্টগ্রাম ও দক্ষিণ আফ্রিকার বন্দরনগরী ডারবানকে ‘সিস্টার সিটি’ করার প্রস্তাব দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) চসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার অনাবাসিক হাইকমিশনার প্রফেসর অনিল সুকলালের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ প্রস্তাব দেন। প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়ে এ বিষয়ে কাজ করার আশ্বাস দেন হাইকমিশনার।
ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম ও ডারবান উভয়ই গুরুত্বপূর্ণ বন্দরনগরী। সিস্টার সিটি সম্পর্ক প্রতিষ্ঠিত হলে দুই নগরের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, নগর ব্যবস্থাপনা, পর্যটন, শিক্ষা ও সংস্কৃতিতে পারস্পরিক সহযোগিতা বাড়বে।
তিনি আরও বলেন, দক্ষিণ আফ্রিকায় প্রায় পাঁচ লাখ বাংলাদেশি বসবাস করছেন। দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণে চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের জন্য সম্ভাবনাময় পরিবেশ রয়েছে।
হাইকমিশনার প্রফেসর অনিল সুকলাল বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার এবং দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে চসিকের সহযোগিতা কামনা করেন।
সাক্ষাৎকালে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিদলের সদস্য এবং চসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।