একই দিনে দুই দফা বোমা বিস্ফোরণ কুষ্টিয়া জেলা কারাগারে, এবার কোয়ার্টার লক্ষ্য
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১২:৩৬ এএম
তানভীর আজাদ কুষ্টিয়া প্রতিনিধি |
কুষ্টিয়া জেলা কারাগারে একই দিনে দ্বিতীয় দফায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এবার কারাগারের আবাসিক কোয়ার্টার লক্ষ্য করে বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে একই দিন ভোরে কারাগারের মূল ফটকের সামনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
কারা কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে জেলখানা মোড় থেকে কালিশংকপুর কদমতলা মোড়গামী সড়কের বাম পাশে অবস্থিত কুষ্টিয়া জেলা কারাগারের সীমানার ভেতরে আবাসিক কোয়ার্টার লক্ষ্য করে বোমা নিক্ষেপ করা হয়। এতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
কুষ্টিয়া জেলা কারাগারের সুপার শরিফুল আলম জানান, বিকেলে বিকট শব্দ শুনে খোঁজখবর নেওয়া হয়। পরে দেখা যায়, কালিশংকপুর মোড়ের দিকে কারাগারের আবাসিক কোয়ার্টারের টিনের ওপর বিস্ফোরণ ঘটেছে। গাছের পাতা ও ডালপালার সঙ্গে বিস্ফোরণ হওয়ায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাস্থল থেকে টেপ দিয়ে মোড়ানো একটি বস্তু প্লাস্টিকের বস্তাসহ উদ্ধার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন জানান, গাছের ডালপালা ও পাতার সঙ্গে বিস্ফোরণ হওয়ায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে।
এর আগে একই দিন ভোরে কারাগারের মূল ফটক লক্ষ্য করে বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। ওই ঘটনায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা হামলা চালিয়ে পালিয়ে যায়।
একই দিনে দুই দফায় কুষ্টিয়া জেলা কারাগারে বোমা বিস্ফোরণের ঘটনায় কারাগারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। ধারাবাহিক এসব ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ ও কারা কর্তৃপক্ষ।