সহকর্মীর পাশে ইউনিয়ন: জয়পুরহাটে অসুস্থ প্রবীণ মটর শ্রমিককে সসম্মানে অবসর ভাতা প্রদান

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৪:২২ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের

দীর্ঘ কর্মজীবনের স্বীকৃতি এবং মানবিক সহমর্মিতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল জয়পুরহাট জেলা মটর শ্রমিক ইউনিয়ন। সংগঠনের প্রবীণ সদস্য মো. তোজাম্মেল হোসেনকে (সদস্য নম্বর- ৪৪৫) স্বেচ্ছায় অবসর গ্রহণ পরবর্তী আর্থিক ভাতা প্রদান করা হয়েছে।

শনিবার ১৪ নভেম্বর বেলা ১২:০০ ঘটিকায় জেলা মটর শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত ও ভাবগাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে অবসর ভাতার এই অর্থ তুলে দেওয়া হয়।

জানা গেছে, প্রবীণ এই শ্রমিক দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত ও শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। শারীরিক অক্ষমতার কারণে কর্মজীবন থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণের জন্য তিনি ইউনিয়ন কর্তৃপক্ষের কাছে আবেদন জানান। তার আবেদনের পরিপ্রেক্ষিতে এবং দীর্ঘদিনের ত্যাগের কথা বিবেচনা করে ইউনিয়ন কর্তৃপক্ষ দ্রুততম সময়ের মধ্যে এই ভাতা প্রদানের উদ্যোগ গ্রহণ করে।

ভাতা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি এম এ হেলাল এবং সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা শিপলু। এছাড়াও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিকরা এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ইউনিয়ন নেতৃবৃন্দ পরিবহন খাতে মো. তোজাম্মেল হোসেনের দীর্ঘ কর্মজীবনের নিষ্ঠা ও অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।

জীবনের এই কঠিন ও অসুস্থ সময়ে পাশে দাঁড়ানো এবং সম্মানজনকভাবে অবসর ভাতা প্রদানের জন্য প্রবীণ শ্রমিক মো. তোজাম্মেল হোসেন আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com