আগামী সপ্তাহে চীনে পুতিন ও শি জিনপিংয়ের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন ট্রাম্প
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০১:১২ পিএম
মোঃ মিলন শাহ, বিশেষ প্রতিনিধি:
আগামী সপ্তাহে চীনের শেনজেনে অ্যাপেক সম্মেলনের ফাঁকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউস এ তথ্য নিশ্চিত করেছে।
হোয়াইট হাউসের সহকারী প্রেস সেক্রেটারি অলিভিয়া ওয়েলস জানান, বৈঠকে বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্র হ্রাস ও ইরান ইস্যু গুরুত্ব পাবে। এর আগে বৃহস্পতিবার বিকেলে শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ও মধ্যাহ্নভোজে অংশ নেবেন ট্রাম্প।নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানান, এই বৈঠক থেকে তাৎক্ষণিক কোনো চুক্তির আশা করছে না ওয়াশিংটন; বরং এটিকে তিন শীর্ষ নেতার আলোচনার 'সূচনাবিন্দু' হিসেবে দেখা হচ্ছে। তিনি উল্লেখ করেন, চীনের পারমাণবিক অস্ত্রভাণ্ডার বিশ্বে সবচেয়ে দ্রুত বাড়ছে, তাই বেইজিংয়ের এখন দায়িত্বশীল ভূমিকা নেওয়া উচিত। তবে চীন যুক্ত না থাকায় বৈঠকে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা হবে না।
আগামী সোমবার ওয়াশিংটন ছেড়ে ট্রাম্প প্রথমে ফিলিপাইনের ম্যানিলায় যাবেন। সেখানে কোয়াড ও আসিয়ান সম্মেলনে যোগদান ছাড়াও থাইল্যান্ডের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষর করবেন। বুধবার তিনি চীনের শেনজেনে পৌঁছাবেন।
মার্কিন কর্মকর্তাদের মতে, শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বাণিজ্য চুক্তির অগ্রগতি ও বিরল খনিজ সরবরাহের ধীরগতি নিয়ে আলোচনা হবে। তবে নতুন কোনো শুল্ক পরিবর্তনের ঘোষণা আসবে না।
এছাড়া ট্রাম্পের চীন সফরের কিছু অংশে টেসলা ও স্পেসএক্স প্রধান ইলন মাস্ক সঙ্গে থাকলেও তিনি কোনো আনুষ্ঠানিক বৈঠকে অংশ নেবেন না।