বাঁশখালীতে শ্বশুরবাড়ি থেকে বাবা ও সাত মাসের যমজ দুই কন্যাশিশুর ম/র/দে/হ উদ্ধার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১০:০৩ এএম
চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:
চট্টগ্রামের বাঁশখালীতে শ্বশুরবাড়ি থেকে মো. জাহেদ হোসেন (৫০) ও তাঁর সাত মাস বয়সী যমজ দুই কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের মধ্যম পুঁইছড়ি মাওলার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশুর নাম জারিন ও জাসিয়া। তাদের বাবা জাহেদ হোসেনের মরদেহ ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় এবং শিশু দুটির মরদেহ একই কক্ষের খাটের পাশে পড়ে থাকতে দেখা যায়।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য জাহেদের স্ত্রী, শাশুড়ি ও শ্যালিকাকে হেফাজতে নিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে শিশু দুটিকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
স্থানীয় ইউপি সদস্য সাদ্দাম হোসেন মানিক জানান, জাহেদ হোসেনের বাড়ি বাঁশখালী উপজেলার চাম্বল গ্রামে। তবে গত দেড় বছর ধরে তিনি শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন।
বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। ঘরের দরজা ভেতর থেকে হুক লাগানো থাকায় বেড়া কেটে ভেতরে প্রবেশ করতে হয়। এ সময় ঘরের ভেতর জাহেদকে ঝুলন্ত অবস্থায় এবং খাটের পাশে দুই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন তাঁরা। পরে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।
সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মামুদুল হাসান জানান, ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। এতে শাশুড়ির কাছে দুই লাখ টাকা পাওনার কথা উল্লেখ রয়েছে। তবে চিরকুটটি জাহেদ হোসেনের লেখা কি না, তা যাচাই করা হচ্ছে।
তিনি আরও জানান, থানা পুলিশ ও স্থানীয়দের সহায়তায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলোর ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত করছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।