চুনারুঘাটে যুবকের রহস্যজনক মৃত্যু: ১১ মাসেও উদঘাটন হয়নি রহস্য
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ এএম
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাদেকপুর গ্রামে রিঙ্কন মিয়া (২২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধারের প্রায় ১১ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন হয়নি।
এটি পরিকল্পিত হত্যা নাকি আত্মহত্যা, সে বিষয়ে কোনো কিনারা না হওয়ায় এবং কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় চরম হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছে নিহতের পরিবার।
নিহত রিঙ্কন মিয়া উপজেলার ৫নং শানখলা ইউনিয়নের সাদেকপুর গ্রামের মৃত জিতু মিয়ার ছেলে। এ ঘটনায় আদালতে একটি মামলা (সি/আর নং- ৩০১/২০২৬ ইং, চুনারুঘাট) দায়ের করা হয়েছে, যা বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ জানুয়ারি ভোরে সাদেকপুর গ্রামে একটি গাছের ডালে রিঙ্কন মিয়ার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ওইদিন সকাল ১১টার দিকে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।
মামলা ও পরিবারের অভিযোগ:
নিহতের পরিবারের দাবি, রিঙ্কনকে পরিকল্পিতভাবে হত্যা করে গাছের ডালে ঝুলিয়ে রাখা হয়েছিল। ঘটনার পরপরই অভিযুক্তরা এলাকা ছেড়ে গা-ঢাকা দিয়েছিল বলেও জানান তারা।
আদালতে দায়েরকৃত মামলায় আসামি সাদেকপুর গ্রামের মৃত আঃ গফুরের ছেলে মোঃ আব্দুল হান্নান (৩৫), শিশু মিয়ার ছেলে আঃ আউয়াল (৩৩), লেচু মিয়ার ছেলে আশিক মিয়া (২৬), মৃত আঃ ছালামের ছেলে আঃ কাইয়ূম (৪০), রমিজ মিয়ার ছেলে রাকিব মিয়া (২৩), মৃত রজব আলীর ছেলে জাহির মিয়া (৩৬) এবং একই ইউনিয়নের মজলিশপুর গ্রামের খলিল মিয়ার ছেলে উছমান মিয়াসহ (৩০) অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করা হয়েছে।
নিহত রিঙ্কনের বড় ভাই লিটন মিয়া অভিযোগ করে বলেন, "ঘটনার দিন ময়নাতদন্তের কথা বলে আমার কাছ থেকে কৌশলে স্বাক্ষর নেওয়া হয়। পরে জানতে পারি, আমার ভাই আত্মহত্যা করেছে মর্মে আমি নাকি স্বাক্ষর দিয়েছি।"
ছেলে হারানোর শোকে কাতর রিঙ্কনের মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, "আমরা গরিব মানুষ, আমাদের জন্য বিচার পাওয়া যেন স্বপ্নের মতো। যারা আমার ছেলেকে হত্যা করে গাছের ডালে ঝুলিয়ে রেখেছিল, তারাই সেদিন পুলিশের সামনে গাছ থেকে লাশ নামিয়েছে, থানায় নিয়েছে, পোস্টমর্টেম করিয়েছে এবং দাফন ও মেজবানির আয়োজন করেছে। তারাই আমার ছেলেকে মেরেছে।"
তিনি আরও বলেন, "মামলা চলমান থাকলেও আজ ১১ মাস ধরে কোনো আসামি ধরা পড়ছে না। আমি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আমার ছেলের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাই।"
তদন্তকারী কর্মকর্তা ও স্থানীয়দের বক্তব্য:
মামলাটির দ্রুত ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটন এবং দোষীদের আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
এ বিষয়ে মামলাটির তদন্তকারী পিবিআই কর্মকর্তা জানিয়েছেন, মামলাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।