প্রধানমন্ত্রীর লালমনিরহাট সফর ঘিরে বিএনপির আনন্দ মিছিল

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১০:২৬ এএম

হাসানুজ্জামান হাসান, লালমনিরহাট:

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম লালমনিরহাট সফর ঘিরে আনন্দ মিছিল করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার (১৩ নভেম্বর) রাতে জেলার আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ও কালীগঞ্জ উপজেলার চাপারহাটে এসব মিছিল অনুষ্ঠিত হয়।

লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুলের নেতৃত্বে ভেলাবাড়ি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি। পরে কালীগঞ্জের চাপারহাটেও আনন্দ মিছিল করেন নেতাকর্মীরা।

এ সময় রোকন উদ্দিন বাবুল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে লালমনিরহাটের মানুষ ব্যাপক প্রস্তুতি নিয়েছে। তাঁর আগমন ঘিরে সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।

এর আগে বিকেলে আদিতমারীর সাংকারচওড়া মাঠে স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনালে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি। এ সময় খেলাধুলার প্রসারে প্রতিটি ইউনিয়নে মিনি স্টেডিয়াম ও উপজেলা পর্যায়ে পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণের উদ্যোগের কথা তুলে ধরেন।

উল্লেখ্য, আগামী ১৯ নভেম্বর প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে লালমনিরহাট সফর করবেন তারেক রহমান। সফরে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি মডেল খাল ও দুর্যোগসহনীয় ঘর উদ্বোধন এবং কালেক্টরেট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক আন্দোলনের কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com