পতেঙ্গায় সাইকেল চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১০:০৬ এএম
চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:
চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় বাইসাইকেল চুরির অভিযোগে মোবারক ইসলাম (২২) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে পতেঙ্গার চরপাড়া এলাকার একটি মাঠে এ ঘটনা ঘটে।
নিহত মোবারক ইসলাম ওই এলাকার বাসিন্দা আবদুল মাবুদ ও আমেনা বেগমের ছেলে। তিনি বাবার চায়ের দোকানের কাজে সহযোগিতা করতেন।
এ ঘটনায় মোহাম্মদ মুসা (৬৫) নামে স্থানীয় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি স্থানীয় এভারগ্রিন কটন কারখানা নামের একটি প্রতিষ্ঠানে কেয়ারটেকার হিসেবে কর্মরত।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলী জানান, কয়েক দিন আগে মুসার ছেলেদের একটি বাইসাইকেল চুরি হয়। ওই সাইকেল চুরির সন্দেহে মোবারককে ডেকে নিয়ে কারখানাসংলগ্ন একটি মাঠে মুসা ও তাঁর ছেলেরা মারধর করেন। পরে তাঁকে নির্মাণসামগ্রী রাখার একটি স্টোরে নিয়ে আটকে আবারও মারধর করা হয়।
একপর্যায়ে মোবারক অচেতন হয়ে পড়লে তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যান অভিযুক্তরা। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করলে মরদেহটি আবার মাঠে এনে ফেলে রেখে মুসাসহ অন্যরা পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে মুসাকে আটক করেন এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে হেফাজতে নেয়।
ওসি আরও জানান, এ ঘটনায় নিহতের বাবা আবদুল মাবুদ বাদী হয়ে মোহাম্মদ মুসাসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছেন। ঘটনার পর থেকে পলাতক মুসার দুই ছেলেসহ অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।