চট্টগ্রামসহ চার এলাকায় পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস চালু, কেজি ৩০ টাকা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১১:৪৬ এএম

চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:

তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্যব্যয় কমাতে বিশেষ ওএমএস (ওপেন মার্কেট সেল) কর্মসূচি চালু করেছে সরকার। এ কর্মসূচির আওতায় প্রত্যেক শ্রমিক প্রতি মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন। প্রতি কেজি চালের দাম নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা।

শুক্রবার (১৩ নভেম্বর) থেকে প্রাথমিকভাবে ঢাকা মহানগর ও জেলার অন্যান্য এলাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন এলাকায় ট্রাকসেলের মাধ্যমে এ চাল বিক্রি শুরু হয়েছে।

খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তৈরি পোশাকশিল্পে কর্মরত প্রত্যেক শ্রমিক মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কেনার সুযোগ পাবেন। প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং বিকেল আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত ট্রাকে এ চাল বিক্রি করা হবে। তবে চালের মজুত থাকা সাপেক্ষে এ কার্যক্রম পরিচালিত হবে।

চাল কেনার সময় শ্রমিকদের নিজ নিজ পোশাক কারখানার পরিচয়পত্র দেখাতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাস্টাররোলে শ্রমিকদের স্বাক্ষর নেওয়ার মাধ্যমে চাল বিক্রি করা হবে। এতে প্রকৃত পোশাকশ্রমিকদের কাছে কর্মসূচির সুবিধা পৌঁছানো নিশ্চিত করা হবে।

খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন খাদ্য অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। কর্মসূচির স্বচ্ছতা ও সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে খাদ্য মন্ত্রণালয় এবং খাদ্য অধিদপ্তরের পক্ষ থেকে পৃথক মনিটরিং টিম গঠন করা হয়েছে।

উল্লেখ্য, সরকার দীর্ঘদিন ধরে নিম্ন আয়ের মানুষের জন্য ভর্তুকি মূল্যে ওএমএসের মাধ্যমে চাল বিক্রি করে আসছে। এরই ধারাবাহিকতায় এবার তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় কমানো এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ এ উদ্যোগ নেওয়া হয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com