বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে নতুন নীতিমালা খসড়া ও শর্ত সমূহ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পিএম

শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ বলতে বোঝায়—সরকারের বাইরে ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরিচালনায় থাকা স্কুল, কলেজ ও মাদ্রাসাকে সরকারের অধীনে নিয়ে আসা এবং সেগুলোর দায়িত্ব রাষ্ট্রীয়ভাবে পরিচালনা করা।

সহজ ভাষায়, যে স্কুল বা কলেজ আগে বেসরকারিভাবে পরিচালিত হতো, সেটিকে সরকারিভাবে পরিচালিত প্রতিষ্ঠানে রূপান্তর করাই জাতীয়করণ।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে নতুন নীতিমালা, খসড়ায় যেসব শর্ত জাতীয়করণের ক্ষেত্রে পুরোনো ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান অগ্রাধিকার পাবে।

বিচ্ছিন্নভাবে প্রস্তাবের ভিত্তিতে নয়, সুনির্দিষ্ট বিধি অনুসরণ করে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করবে সরকার। এজন্য নতুন নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এরই মধ্যে নীতিমালার খসড়া প্রস্তুত করা হয়েছে। এতে শিক্ষার্থী ও শিক্ষকের সংখ্যা, জমি, অবকাঠামো, গ্রন্থাগার, পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ এবং সহশিক্ষা কার্যক্রমসহ বেশ কিছু শর্ত রাখা হয়েছে।

খসড়া অনুযায়ী, জাতীয়করণের ক্ষেত্রে পুরোনো ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান অগ্রাধিকার পাবে। পাশাপাশি শিক্ষার্থী সংখ্যা ও পাবলিক পরীক্ষার ফলাফলে এগিয়ে থাকা প্রতিষ্ঠানগুলোও বিশেষ বিবেচনায় থাকবে। তবে জনস্বার্থে সরকার যে কোনো এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করতে পারবে। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন।

মন্ত্রণালয় সূত্র জানায়, সম্প্রতি বিচ্ছিন্নভাবে শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের প্রস্তাব না এনে এ বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই নির্দেশনা অনুযায়ী নতুন নীতিমালার খসড়া তৈরি করা হয়েছে। শিগগির সংশ্লিষ্টদের নিয়ে সভা করে খসড়াটি চূড়ান্ত করা হবে। এরপর আনুষ্ঠানিকভাবে নীতিমালা প্রকাশ করা হবে।

কত শিক্ষার্থী থাকতে হবে

খসড়া নীতিমালায় শিক্ষাপ্রতিষ্ঠানের ধরন অনুযায়ী ন্যূনতম শিক্ষার্থী সংখ্যা নির্ধারণ করা হয়েছে। এতে বলা হয়েছে, নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি) শ্রেণিপ্রতি কমপক্ষে ৫৫ জন শিক্ষার্থী থাকতে হবে। মাধ্যমিক বিদ্যালয়ের (ষষ্ঠ থেকে দশম শ্রেণি) ক্ষেত্রেও শ্রেণিপ্রতি ন্যূনতম ৫৫ জন শিক্ষার্থী থাকার শর্ত রাখা হয়েছে।

উচ্চ মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজে (ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি) মাধ্যমিক পর্যায়ে শ্রেণিপ্রতি কমপক্ষে ৫৫ জন এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে ন্যূনতম ১২০ জন শিক্ষার্থী থাকতে হবে।

অন্যদিকে, উচ্চ মাধ্যমিক কলেজ ও স্নাতক কলেজের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পর্যায়ে কমপক্ষে ১২০ জন শিক্ষার্থী থাকতে হবে। স্নাতক পর্যায়ে প্রতিটি বিভাগে ন্যূনতম ৪০ জন শিক্ষার্থী থাকার শর্ত রাখা হয়েছে।

পাবলিক পরীক্ষায় ৯০% শিক্ষার্থীর অংশগ্রহণ

জাতীয়করণের ক্ষেত্রে পাবলিক পরীক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণকেও গুরুত্ব দেওয়া হয়েছে। খসড়া অনুযায়ী, সংশ্লিষ্ট শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অন্তত ৯০ শতাংশকে পাবলিক পরীক্ষায় অংশ নিতে হবে।

এছাড়া জাতীয়করণের ক্ষেত্রে বিগত পাঁচ বছরের শিক্ষার্থী সংখ্যা এবং পাবলিক পরীক্ষার ফলাফল বিবেচনা করা হবে। এসব সূচকের ভিত্তিতে সংশ্লিষ্ট এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠানটির অবস্থান মূল্যায়ন করা হবে।

গ্রন্থাগারে ৩-১০ হাজার বই

জাতীয়করণ হতে হলে শিক্ষাপ্রতিষ্ঠানে সমৃদ্ধ গ্রন্থাগার থাকতে হবে। প্রতিষ্ঠানের স্তর অনুযায়ী গ্রন্থাগারে ন্যূনতম বইয়ের সংখ্যাও নির্ধারণ করা হয়েছে।

নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের গ্রন্থাগারে কমপক্ষে তিন হাজার বই থাকতে হবে। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে এ সংখ্যা পাঁচ হাজার। আর উচ্চ মাধ্যমিক কলেজ ও স্নাতক কলেজের গ্রন্থাগারে অন্তত ১০ হাজার বই থাকতে হবে।

 

জমি ও অবকাঠামোর যেসব শর্ত

জাতীয়করণের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব দখল ও মালিকানায় খেলার মাঠসহ পর্যাপ্ত জমি থাকতে হবে। জমি হতে হবে অখণ্ড, নিষ্কণ্টক ও শর্তমুক্ত।

সরকারি সংস্থা পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থা থেকে প্রতিষ্ঠানের অনুকূলে জমি বরাদ্দের লিখিত বরাদ্দপত্র থাকতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্ধারিত জমি অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না।

এছাড়া পর্যাপ্ত শ্রেণিকক্ষ, সুপেয় পানির ব্যবস্থা ও স্বাস্থ্যসম্মত টয়লেটসহ প্রয়োজনীয় অবকাঠামো থাকতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে ভবনে র‍্যাম্প থাকতে হবে।

শিক্ষক নিয়োগে নির্ধারিত নিয়ম

খসড়া নীতিমালায় শিক্ষক ও কর্মচারী নিয়োগের ক্ষেত্রেও সুনির্দিষ্ট শর্ত রাখা হয়েছে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতি নীতিমালা-২০২২ (সংশোধিত ২০২৩) অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক ও প্রদর্শক থাকতে হবে।

প্রযোজ্য ক্ষেত্রে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিবন্ধনধারী এবং নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের অনুমোদিত পদে নিয়োগপ্রাপ্ত হতে হবে। বিদ্যমান বিধিবিধান অনুযায়ী বৈধভাবে নিয়োগপ্রাপ্ত ও কর্মরত শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীরা নতুন নীতিমালার আওতায় পড়বেন।

বিজ্ঞানাগার ও আইসিটি সুবিধা

জাতীয়করণের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে মানসম্মত বিজ্ঞানাগার ও তথ্যপ্রযুক্তি সুবিধা থাকতে হবে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় উপকরণসমৃদ্ধ বিজ্ঞানাগার এবং পর্যাপ্ত কম্পিউটারসহ অন্তত একটি স্বতন্ত্র আইসিটি বা কম্পিউটার ল্যাব থাকতে হবে।

সহশিক্ষা কার্যক্রমে গুরুত্ব

শুধু পাঠদান ও পরীক্ষার ফলাফল নয়, জাতীয়করণের ক্ষেত্রে সহশিক্ষা কার্যক্রমও মূল্যায়ন করা হবে।

খসড়ায় তৃতীয় ভাষা শিক্ষা, কারিগরি ট্রেড কোর্স, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, খেলাধুলা, সাঁতার, সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক প্রতিযোগিতা, বিজ্ঞান মেলা, বৃক্ষরোপণ, স্কাউটিং ও গার্লস গাইড কার্যক্রমের কথা উল্লেখ করা হয়েছে। এছাড়া কম্পিউটার শিক্ষা, বিএনসিসি এবং পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ বিভিন্ন কার্যক্রমে শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যকর অংশগ্রহণ থাকতে হবে।

 

অগ্রাধিকার পাবে যেসব প্রতিষ্ঠান

খসড়া নীতিমালা অনুযায়ী, আর্থসামাজিকভাবে অনগ্রসর, দুর্গম, দারিদ্র্যপীড়িত এবং তুলনামূলকভাবে শিক্ষার হার কম এমন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে অগ্রাধিকার পাবে।

একই সঙ্গে সংশ্লিষ্ট এলাকার পুরোনো ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বিশেষ বিবেচনায় থাকবে। এক্ষেত্রে বিগত পাঁচ বছরে প্রতিষ্ঠানের মোট শিক্ষার্থী সংখ্যা ও পাবলিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এলাকাভিত্তিক অবস্থান বিবেচনা করা হবে।

জাতীয়করণের অনুমোদন প্রক্রিয়া

খসড়া অনুযায়ী, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের আগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে সম্ভাব্যতা যাচাই করা হবে। এরপর সরকারপ্রধানের নীতিগত অনুমোদন নিতে হবে।

চূড়ান্ত অনুমোদনের আগে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সম্মতি নিতে হবে। সব প্রক্রিয়া শেষে বিধি অনুযায়ী সরকারপ্রধানের চূড়ান্ত অনুমোদন নেওয়া হবে।

কোনো শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ হলে তার সব স্থাবর-অস্থাবর সম্পত্তি স্বয়ংক্রিয়ভাবে সরকারের অনুকূলে হস্তান্তরিত হয়েছে বলে গণ্য হবে। প্রতিষ্ঠানের জনবল ও সম্পদ সরকার গ্রহণ এবং পরিচালনা করবে।

বিশেষ বিবেচনায় শর্ত শিথিল

তবে খসড়া নীতিমালায় বিশেষ বিবেচনায় শর্ত শিথিলের সুযোগও রাখা হয়েছে। এতে বলা হয়েছে, সরকার চাইলে জনস্বার্থে যে কোনো এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করতে পারবে। এমনকি বিশেষ বিবেচনায় নীতিমালার যে কোনো শর্ত শিথিল করেও শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের সুযোগ থাকবে।

নীতিমালার কোনো বিষয়ে ব্যাখ্যা বা স্পষ্টীকরণের প্রয়োজন হলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

তবে এসব শর্ত এখনো খসড়া পর্যায়ে রয়েছে। চূড়ান্ত নীতিমালা প্রকাশের আগে কোনো শর্ত সংযোজন, সংশোধন বা বাদ দেওয়ার সুযোগ রয়েছে।

 

একরামুল ইসলাম তুষার, সহকারীঅধ্যাপক, আবুবকর বিশ্বাস মকছেদ আলী কলেজ, কালীগঞ্জ ঝিনাইদহ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com