দুর্যোগের ক্ষতি কমাতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০১:২০ পিএম
মোঃ শফিকুজ্জামান সোহেল, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি, পারস্পরিক সহযোগিতা ও স্থানীয় পর্যায়ে কার্যকর নেটওয়ার্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে রংপুরের গঙ্গাচড়ায় অনুষ্ঠিত হয়েছে দুর্যোগ পরিকল্পনা ও নেটওয়ার্কিং সভা।
শনিবার দুপুরে গঙ্গাচড়া উপজেলার দোলাপাড়ায় দুঃস্থ উন্নয়ন সংস্থা (ডাস)-এর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) আয়োজিত এ সভায় এশিয়া প্যাসিফিক অ্যালায়েন্স ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট (এ-প্যাড) এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থা সহযোগিতা করে। এতে সহায়তা দেয় জাপান সরকার। স্থানীয় পর্যায়ে আয়োজনের দায়িত্বে ছিল দুঃস্থ উন্নয়ন সংস্থা ডাস।
সভায় সভাপতিত্ব করেন ডাসের নির্বাহী পরিচালক চাঁদ মিঞা। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা মঞ্জুরুল।
সভাপতির বক্তব্যে চাঁদ মিঞা বলেন, দুর্যোগ মোকাবিলা শুধু দুর্যোগের সময়ের কাজ নয়; বরং আগাম পরিকল্পনা, সচেতনতা ও সম্মিলিত প্রস্তুতির মাধ্যমেই ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। এ ক্ষেত্রে স্থানীয় সংগঠন, প্রশাসন ও স্বেচ্ছাসেবীদের মধ্যে কার্যকর যোগাযোগ ও সমন্বয় গড়ে তুলতে হবে।
প্রধান আলোচক মঞ্জুরুল বলেন, দুর্যোগের সময় আতঙ্কিত না হয়ে প্রশিক্ষণ ও পূর্বপ্রস্তুতি অনুযায়ী কাজ করা জরুরি। অগ্নিকাণ্ডসহ যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সঠিক পদক্ষেপ নিতে পারলে প্রাণহানি ও সম্পদের ক্ষতি কমানো সম্ভব। এ জন্য সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি নিয়মিত মহড়া ও প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে।
সভায় উপস্থিত ছিলেন প্রগতি ব্যমাগারের নির্বাহী পরিচালক সিফাত জাহান, আব্দুল হামিদ, নোমান ফেরদৌস খান, মাহবুবুর রহমান, নজরুল ইসলাম ও সাখাওয়াত হোসেন সোহাগ।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটির (সিআইএস) রংপুরের প্রকল্প কর্মকর্তা শিহাব হোসেন ও লাভলু মিয়া। এ ছাড়া ফ্লোরিন আক্তার এবং নাজমিন নাহার নেহা দায়িত্ব পালন করেন।
সভায় দুর্যোগ মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, স্থানীয় পর্যায়ে প্রস্তুতি জোরদার এবং সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।