ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতার বার্তা নিয়ে কালাইয়ে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৪:০৫ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের 

‘আর নয় দেরি, ব্যবস্থা নিন এখনই’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।

শনিবার ১৪ নভেম্বর কালাই ডায়াবেটিক সমিতির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সকাল সাড়ে ৯টায় কালাই পৌরসভার ডায়াবেটিস হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামের সামনে গিয়ে শেষ হয়। পরে অডিটোরিয়ামে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কালাই ডায়াবেটিক সমিতির সভাপতি ফয়সাল আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান এবং জয়পুরহাটের সিভিল সার্জন মো. আল মামুন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ব্যক্তিগত ও সামাজিক সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। এ সময় তারা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক পরিশ্রম এবং স্বাস্থ্যকর জীবনযাপন নিশ্চিত করার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমিয়ে আনার আহ্বান জানান।

কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, চিকিৎসক, স্বাস্থ্যকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com