২৭ দিন পর উৎপাদনে ফিরল আনোয়ারার সিইউএফএল, দৈনিক উৎপাদন হাজার টনের বেশি

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০২:০৭ পিএম

চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:

যান্ত্রিক ত্রুটির কারণে ২৭ দিন বন্ধ থাকার পর আবারও ইউরিয়া সার উৎপাদনে ফিরেছে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। শুক্রবার (১৩ নভেম্বর) ভোররাত ৩টার দিকে কারখানাটিতে পুনরায় উৎপাদন শুরু হয়। বর্তমানে ২৪ ঘণ্টায় গড়ে এক হাজার মেট্রিক টনের বেশি ইউরিয়া সার উৎপাদিত হচ্ছে, যার বাজারমূল্য প্রায় সাড়ে চার কোটি টাকা।

সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান উৎপাদন শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে কারখানাটি প্রায় ২৭ দিন বন্ধ ছিল। এক দিন কারখানা বন্ধ থাকলে গড়ে তিন কোটি টাকার উৎপাদন ক্ষতি হয়।

গ্যাস সরবরাহ পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, বর্তমানে গ্যাস সরবরাহে কোনো সংকট নেই। চাহিদা অনুযায়ী পর্যাপ্ত গ্যাস পাওয়া যাচ্ছে।

কারখানা সূত্রে জানা গেছে, গত ১৭ অক্টোবর রাতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। এর আগে দীর্ঘ ছয় মাস গ্যাস সংকটের কারণে কারখানাটির উৎপাদন বন্ধ ছিল। পরে গ্যাস সরবরাহ পাওয়ায় গত ১৫ সেপ্টেম্বর উৎপাদন শুরু হয়। কিন্তু চালুর ৪৮ ঘণ্টা পার হওয়ার আগেই যান্ত্রিক ত্রুটির কারণে আবারও উৎপাদন বন্ধ হয়ে যায়।

পরবর্তী সময়ে ত্রুটি কাটিয়ে সেপ্টেম্বরের শেষ দিকে কারখানাটি পুনরায় উৎপাদনে গেলেও কিছুদিনের মধ্যে আবারও যান্ত্রিক সমস্যায় উৎপাদন বন্ধ হয়ে পড়ে। দীর্ঘ ২৭ দিন বন্ধ থাকার পর শুক্রবার ভোররাতে আবার উৎপাদন শুরু হলো।

প্রায় ৪০ বছরের পুরোনো এ কারখানায় বিভিন্ন সময়ে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। কারখানা একবার বন্ধ হয়ে গেলে ত্রুটি শনাক্ত, প্রয়োজনীয় যন্ত্রাংশ সংগ্রহ ও মেরামত শেষে পুনরায় উৎপাদনে ফিরতে দীর্ঘ সময় লাগে। দীর্ঘদিন বন্ধ থাকলে যন্ত্রাংশ নষ্ট হওয়ার পাশাপাশি পাইপলাইনে মরিচা ধরে এবং বিভিন্ন স্থানে লিকেজের সৃষ্টি হয়। এতে উৎপাদন পুনরায় চালু করাও জটিল হয়ে পড়ে।

সিইউএফএল সূত্রে জানা যায়, শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) প্রতিষ্ঠান এটি। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় কর্ণফুলী নদীর মোহনায় প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে নাইট্রোজেনসমৃদ্ধ প্রিল্ড ইউরিয়া সার উৎপাদনের লক্ষ্যে কারখানাটি স্থাপন করা হয়।

১৯৮৫ সালের অক্টোবরে সিইউএফএল কারখানার নির্মাণকাজ শুরু হয়। ১৯৮৭ সালের ২৯ অক্টোবর পরীক্ষামূলক উৎপাদন শুরু হয় এবং ১৯৮৮ সালের ফেব্রুয়ারি থেকে বাণিজ্যিক উৎপাদনে যায় প্রতিষ্ঠানটি। কারখানাটির জেনারেল কন্ট্রাক্টর ছিল জাপানের মেসার্স টয়ো ইঞ্জিনিয়ারিং করপোরেশন।

কারখানাটিতে ১৭০ মিটার দৈর্ঘ্য ও ২৫ মিটার প্রস্থের একটি জেটি রয়েছে। সিইউএফএলের পাশাপাশি ডিএপিএফসিএলের কাঁচামাল ফসফরিক অ্যাসিড খালাসের কাজেও জেটিটি ব্যবহৃত হয়। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে ছোট লাইটার জাহাজের মাধ্যমে সার সরবরাহের জন্য রয়েছে একটি পৃথক লোকাল জেটি।

ইউরিয়া সার উৎপাদনের প্রধান দুটি কাঁচামাল তরল অ্যামোনিয়া ও কার্বন ডাই-অক্সাইড। দেশের কৃষি খাতে সারের চাহিদা পূরণে সিইউএফএল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে গ্যাস সংকট ও ঘন ঘন যান্ত্রিক ত্রুটির কারণে কারখানাটির উৎপাদন ধারাবাহিকভাবে ব্যাহত হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, কারখানাটির পুরোনো যন্ত্রপাতি আধুনিকায়ন ও নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা গেলে উৎপাদন সক্ষমতা ধরে রাখা এবং জাতীয় অর্থনীতিতে এর অবদান আরও বাড়ানো সম্ভব।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com