রাঙ্গুনিয়ার বেতাগী রত্নাংকুর বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দান উপলক্ষে বুদ্ধপূজা ও ধর্মীয় অনুষ্ঠান

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০২:৩৯ পিএম

মিলন বৈদ্য শুভ, চট্টগ্রাম:

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ঐতিহ্যবাহী পুণ্যতীর্থভূমি সাগর বুদ্ধ পল্লী গ্রামে অবস্থিত বেতাগী সার্বজনীন রত্নাংকুর বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দানোত্তম শুভ কঠিন চীবর দান অনুষ্ঠান-২০২৬ উপলক্ষে বিশেষ বুদ্ধপূজা ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এ উপলক্ষে ঐতিহ্যবাহী ধার্মিক পরিবারের প্রয়াত ডাঃ রোহিণী রঞ্জন বড়ুয়া, প্রয়াত ডাঃ চপলা বালা বড়ুয়া ও বসুদা বালা বড়ুয়ার নির্বাণ সুখ কামনায় এবং ধর্মীয় উপাসক সমর বড়ুয়া ও তাঁর সহধর্মিণী ধর্মপ্রাণ উপাসিকা রত্না বড়ুয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় অষ্টবিংশতি বুদ্ধপূজা, লাভীশ্রেষ্ঠ সীবলী ভান্তের পূজা এবং মারবিজয়ী অরহৎ উপগুপ্ত মহাস্থবিরের পূজাসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পুণ্যময় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেতাগী সার্বজনীন রত্নাংকুর বিহারের উপাধ্যক্ষ ভদন্ত ইদ্ধিপঞ্ঞা মহাথের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী সার্বজনীন ধর্মানন্দ বিহারের অধ্যক্ষ সাক্যনন্দ ভিক্ষু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী সার্বজনীন বৌদ্ধবিহারের অধ্যক্ষ জ্ঞানবংশ ভিক্ষু। প্রধান ধর্মদেশক হিসেবে ধর্মীয় দেশনা প্রদান করেন ভদন্ত জগৎজ্যোতি প্রিয় ভিক্ষু।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন বেতাগী সার্বজনীন রত্নাংকুর বিহার পরিচালনা কমিটির সহসভাপতি ধর্মপ্রাণ উপাসক সমর বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন চৌধুরী সমীরণ বড়ুয়া। পঞ্চশীল প্রার্থনা পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা ডাঃ সানিক্য প্রসাদ বড়ুয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন বর্ণালী সংঘের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জয় বড়ুয়া।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে ভোর ৫টা ৩১ মিনিটে লাভীশ্রেষ্ঠ সীবলী ভান্তের পূজা, মারবিজয়ী অরহৎ উপগুপ্ত মহাস্থবিরের পূজা এবং অষ্টবিংশতি বুদ্ধপূজা অনুষ্ঠিত হয়। এ ছাড়া সন্ধ্যায় বেতাগী বৌদ্ধ সমন্বয় কীর্তন পরিষদের পরিবেশনায় মনোমুগ্ধকর বুদ্ধকীর্তনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিল বেতাগী বর্ণালী সংঘ।

পুণ্যলাভের প্রত্যাশায় আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করছেন ফ্রান্সপ্রবাসী পুত্র অর্পণ বড়ুয়া শুভ এবং ফ্রান্সপ্রবাসী কন্যা ইতি বড়ুয়া কথা।

আয়োজকরা জানান, এ আয়োজনের মূল উদ্দেশ্য প্রয়াতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন, তাঁদের নির্বাণ সুখ কামনা এবং জীবিতদের সুস্বাস্থ্য, নিরোগ দীর্ঘায়ু প্রার্থনার পাশাপাশি বুদ্ধের আদর্শ, শান্তি, মৈত্রী, করুণা ও মানবকল্যাণের বাণী সবার মাঝে ছড়িয়ে দেওয়া। তাঁরা আশা প্রকাশ করেন, এ ধরনের ধর্মীয় আয়োজন মানুষের মধ্যে সম্প্রীতি, মানবিকতা ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com