দিনাজপুর ও রংপুরে এসআরবি-১৩-এর পৃথক অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ২

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পিএম

রফিকুল ইসলাম সাবুল : রংপুর প্রতিনিধি

দিনাজপুরের কাহারোল ও রংপুর মহানগরীতে পৃথক অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৬ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩। শনিবার (১৪ নভেম্বর) ভোর ও সকালে এসব অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি-১৩ সূত্রে জানা যায়, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে শনিবার ভোর ৫টা ৪৫ মিনিটে দিনাজপুরের কাহারোল থানাধীন বাইশপুর গ্রামে অভিযান চালায় এসআরবি-১৩-এর দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল। এ সময় গ্রামের বাসিন্দা মো. ছাত্তারের বাড়িতে তল্লাশি চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় বাড়ির মালিক মো. ছাত্তার (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি মো. আজিম উদ্দিনের ছেলে।

অন্যদিকে, একই দিন সকাল সাড়ে ৮টার দিকে রংপুর মহানগরীর কোতোয়ালি থানাধীন কেল্লাবন্দ সিও বাজার এলাকায় অভিযান চালায় এসআরবি-১৩, রংপুরের একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে রংপুর থেকে সৈয়দপুরগামী রাকিব এক্সপ্রেস নামের একটি বাসে (রেজিস্ট্রেশন নম্বর: রংপুর মেট্রো-ব-১১-০০২৯) তল্লাশি চালিয়ে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ সময় বাসের যাত্রী মো. সুমন মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ভাটেরা (জঙ্গলপুর) এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মো. জাকির হোসেন। উদ্ধার করা গাঁজা নিজ হেফাজতে রেখে পরিবহনের অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে।

এসআরবি-১৩ জানায়, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃতদের উদ্ধার করা মাদকদ্রব্যসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-১৩-এর মিডিয়া শাখার অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী এ তথ্য নিশ্চিত করেছেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com