নওগাঁয় ক্রেডিট কার্ড জালিয়াতি, সাড়ে ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে স্ত্রীসহ গ্রেপ্তার ২
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পিএম
মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ক্রেডিট কার্ড ব্যবহার করে ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে নওগাঁ জেলা পুলিশ। টানা ৩৬ ঘণ্টার বিশেষ অভিযান চালিয়ে বগুড়া থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে নগদ ১৫ লাখ টাকা, সাতটি ব্যাংকের এটিএম কার্ড, তিনটি চেক বই ও দুটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন নওগাঁর বদলগাছী উপজেলার আক্কেলপুর মধ্যেপাড়ার মো. শহিদুল ইসলাম ওরফে রিপন (৩৭) এবং তাঁর স্ত্রী মালিহা তাবাচ্ছুম নিশি (২৮)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শহিদুল ইসলাম ইসলামী ব্যাংকের নওগাঁ শাখার একজন হিসাবধারী ও বিনিয়োগ গ্রাহক ছিলেন। ২০১৫ সালে তাঁর চলতি হিসাবের বিপরীতে এক লাখ টাকা সীমার 'খিদমাহ' ক্রেডিট কার্ড ইস্যু করা হয়। পরবর্তী সময়ে ওই কার্ড ব্যবহার করে বিভিন্ন ব্যাংকের হিসাবে অবৈধভাবে অর্থ স্থানান্তরের মাধ্যমে বড় অঙ্কের টাকা আত্মসাতের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।
অভিযোগে বলা হয়, পূবালী ব্যাংকের এটিএম ও সিআরএম বুথ ব্যবহার করে এনপিএসবি নেটওয়ার্কের মাধ্যমে পাঁচটি হিসাবসহ বিভিন্ন ব্যাংক হিসাবে ধারাবাহিকভাবে টাকা স্থানান্তর করেন তিনি। প্রথম দিকে প্রতিটি লেনদেনের পরিমাণ এক লাখ টাকার কম থাকলেও পরবর্তী সময়ে তা বাড়িয়ে প্রতিবার আড়াই লাখ টাকা করা হয়।
২০২৫ সালের জুন থেকে ২০২৬ সালের ৯ নভেম্বর পর্যন্ত ৪২০টির বেশি লেনদেনের মাধ্যমে মোট ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ইসলামী ব্যাংক নওগাঁ শাখার প্রিন্সিপাল অফিসার মো. ফয়জুল ইসলাম (৪৪) বাদী হয়ে নওগাঁ সদর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় আসামিদের গ্রেপ্তারে বিশেষ অভিযান শুরু হয়। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ও সাইবার ক্রাইম বিশেষজ্ঞ মো. মনিরুল ইসলামের নেতৃত্বে গঠন করা হয় বিশেষ টিম।
নওগাঁ সদর মডেল থানার ওসি মো. মিন্টু রহমান এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ মো. হাসিবুর রহমানও অভিযানে সরাসরি অংশ নেন। পরে টানা ৩৬ ঘণ্টা বগুড়া সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই দম্পতিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে বগুড়ায় তাঁদের বাসার শোবার ঘরের কাঠের আলমারির ভেতরে একটি ব্যাগ থেকে নগদ ১৫ লাখ টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া বিভিন্ন ব্যাংকের সাতটি এটিএম কার্ড, তিনটি চেক বই এবং অপরাধে ব্যবহৃত দুটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদে তাঁরা আরও জানান, আত্মসাতের অর্থ দিয়ে বগুড়ায় প্রায় দেড় কোটি টাকায় জমি কিনেছেন এবং বিলাসবহুল জীবনযাপন করছিলেন।
এদিকে, অর্থ আত্মসাতের এ ঘটনায় অন্য কেউ কিংবা ব্যাংকের কোনো কর্মকর্তা-কর্মচারীর সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।
আরও পড়ুন
ক্ষেতলালে সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সহকর্মীর পাশে ইউনিয়ন: জয়পুরহাটে অসুস্থ প্রবীণ মটর শ্রমিককে সসম্মানে অবসর ভাতা প্রদান
জয়পুরহাটে জেলা আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত