কালীগঞ্জে বসুন্ধরা গ্যাসবোঝাই গাড়ি আটক
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১০:৪১ পিএম
একরামুল ইসলাম তুষার, ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের কালীগঞ্জে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বসুন্ধরা এলপি গ্যাস বিক্রির অভিযোগে গ্যাসবোঝাই একটি গাড়ি আটকে দিয়েছেন স্থানীয়রা।
শনিবার ( ১৪ নভেম্বর ) সরকার নির্ধারিত ১২ কেজি ওজনের এলপি গ্যাস সিলিন্ডারের মূল্য ২ হাজার ৬০ টাকা। তবে ঝিনাইদহের বসুন্ধরা গ্যাসের ডিলার প্রতিষ্ঠান ‘গ্যাস ঘর’ কালীগঞ্জের ব্যবসায়ীদের কাছে প্রতি সিলিন্ডার ২ হাজার ৪০০ টাকায় বিক্রি করছে বলে অভিযোগ উঠেছে।
কালীগঞ্জ মহিলা কলেজ গেট এলাকায় গ্যাসবোঝাই গাড়িটি আটকে দেওয়া হয়। সংশ্লিষ্ট ‘গ্যাস ঘর’ প্রতিষ্ঠানের মালিক কাজী কামাল আহমেদ বাবু ওরফে ‘গ্যাস বাবু’, যিনি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে পরিচিত।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও রেজওয়ানা নাহিদের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
জানা যায়, কালীগঞ্জে ১২ কেজির বসুন্ধরা গ্যাস সিলিন্ডার সরকার নির্ধারিত মূল্যের চেয়ে ৪০০ মোট ২৪০০ টাকা বেশি দামে বিক্রি করা হচ্ছিল—এমন সংবাদের ভিত্তিতে স্থানীয় কয়েকজন সাংবাদিক বিষয়টি জানতে পেরে একটি গ্যাসভর্তি গাড়ি আটক করেন এবং তাৎক্ষণিকভাবে প্রশাসনকে অবহিত করেন। পরে প্রশাসনের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে।
অভিযানকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে ‘গ্যাস ঘর’-কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নয়ন গ্যাস ঘর, নেছা গ্যাস ঘর এবং জেসমিন গ্যাস ঘরসহ মোট চারটি দোকানে থাকা ৬০টি ১২ কেজি ভরা সিলিন্ডার দ্রুত ভোক্তাদের কাছে সরকারের নির্ধারিত মূল্য ২,০৬০ টাকা দরে বিক্রির নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
প্রশাসনের এমন সময়োপযোগী পদক্ষেপে স্থানীয় সাধারণ ক্রেতা ও ভোক্তারা সন্তোষ প্রকাশ করেছেন। জনস্বার্থে বাজার মনিটরিং ও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।