কালীগঞ্জে মোল্লা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন কার্যক্রম উদ্বোধন

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ পিএম

আব্দুল মতিন খান, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ

কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধন কার্যক্রমকে আরও জোরদার করতে স্বেচ্ছাসেবী ও সমাজসেবামূলক প্রতিষ্ঠান মোল্লা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ফগার মেশিনের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। 

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় বক্তারপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাতানি পাড়া এলাকায় মোল্লা কল্যাণ ট্রাস্টের আয়োজনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে মশক নিধন কর্মী ও স্বেচ্ছাসেবকদের হাতে ১টি আধুনিক ফগার মেশিন ও প্রয়োজনীয় কীটনাশক তুলে দেওয়া হয়। 

কালীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক শাহরিয়ার মাসুম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি মোল্লা কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান এবং বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী গোলজার হোসেন মোল্লা বক্তব্যে বলেন, "জনস্বাস্থ্য সুরক্ষা এবং এডিস মশার বিস্তার রোধে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ডেঙ্গু বর্তমানে একটি বড় জনস্বাস্থ্য সমস্যায় পরিণত হয়েছে। সরকারি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন এগিয়ে এলে এই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব।" তিনি আরও জানান, নতুন এই ফগার মেশিনের মাধ্যমে এলাকার ড্রেন, ঝোপঝাড় এবং জনবহুল স্থানগুলোতে নিয়মিত মশার ওষুধ ছিটানো হবে। মশক নিধনের পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করতে কল্যাণ ট্রাস্টের স্বেচ্ছাসেবীরা বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবেন। বাসাবাড়ির আঙিনা, ফুলের টব ও ছাদে জমে থাকা পানি পরিষ্কার রাখার জন্য তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বক্তারপুর ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক আহমদুল কবির খান নাইম, গাজীপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাদিম হোসেন সুমন, ৫ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি জহির উদ্দিন, ৮ নং ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক মুরাদ হোসেন প্রমূখ। 

অনুষ্ঠানে মোল্লা কল্যাণ ট্রাস্টের সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ফাউন্ডেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com