অভাবের সংসারে পুরনো সেলাই মেশিনই ভরসা, একটু সহযোগিতা চান সুরভী
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ পিএম
মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ
জীবনের প্রতিকূলতা যেন পিছু ছাড়ছে না নওগাঁর আত্রাই উপজেলার সুরভী খাতুনের (৩৫)। শারীরিক প্রতিবন্ধকতা, স্বামীর নির্যাতন আর অভাব-অনটনের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করছেন তিনি। তবুও থেমে নেই তাঁর জীবনসংগ্রাম। পুরোনো একটি সেলাই মেশিনকে অবলম্বন করে নিজে বাঁচার পাশাপাশি ছোট মেয়ের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখছেন এই নারী। তবে সেই স্বপ্ন পূরণে এখন প্রয়োজন একটু সহযোগিতা।
সুরভী খাতুন আত্রাই উপজেলার মনিয়ারী ইউনিয়নের ফটকিয়া বাঁশবাড়িয়া গ্রামের বাসিন্দা। তাঁর বাবা প্রয়াত বাচ্চু প্রামানিক এবং মা মোছা. সাজেদা বেগম। প্রায় ১৯ বছর আগে পাঁচুপুর ইউনিয়নের মধুগুড়নই গ্রামের আফজাল শাহর ছেলে সেন্টু শাহর (৪৫) সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের সংসারে দুই মেয়ে। বড় মেয়ের বিয়ে হলেও ছোট মেয়ে স্থানীয় একটি বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করছে।
সুরভীর ভাষ্য, স্বামীর নেশার কারণে দীর্ঘদিন ধরে তাঁকে শারীরিক নির্যাতন সহ্য করতে হয়েছে। একপর্যায়ে পরিস্থিতি অসহনীয় হয়ে উঠলে প্রায় দুই বছর আগে ছোট মেয়েকে সঙ্গে নিয়ে স্বামীর সংসার ছেড়ে মায়ের বাড়িতে আশ্রয় নেন তিনি।
কিন্তু সেখানেও স্বস্তি নেই। বাবাহীন মায়ের সংসারে রয়েছে অভাবের চাপ। কারও বোঝা হয়ে থাকতে চাননি সুরভী। তাই শারীরিক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে পুরোনো সেলাই মেশিনে কাপড় সেলাইয়ের কাজ শুরু করেন। কাজ থাকলে কিছু আয় হয়, না থাকলে কাটে অনিশ্চয়তায়। এই সামান্য উপার্জনেই চলে মা-মেয়ের সংসার।
সরকারি সহায়তা হিসেবে পান প্রতিবন্ধী ভাতা। তিন থেকে চার মাস অন্তর প্রায় ২ হাজার ৫০০ টাকা হাতে আসে। কিন্তু নিত্যপণ্যের ঊর্ধ্বমূল্যের বাজারে এই অর্থ দিয়ে সংসারের প্রয়োজন মেটানোই কঠিন।
বর্তমানে মায়ের বাড়িতে একটি কক্ষেই মা ও মেয়েকে নিয়ে বসবাস করছেন সুরভী। নিজের মেয়েকে নিয়ে আলাদা করে থাকার মতো কোনো ঘর নেই। তবুও নিজের কষ্টের কথা ভুলে মেয়ের পড়াশোনা চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তাঁর ভয়, আর্থিক সংকটের কারণে একসময় থেমে যেতে পারে মেয়ের শিক্ষাজীবন।
সুরভীর চাওয়া খুব বেশি নয়। মেয়েকে নিয়ে নিরাপদে বসবাসের জন্য একটি থাকার ঘর এবং কাজের সুবিধার্থে একটি ইলেকট্রিক সেলাই মেশিন। এতে শারীরিক পরিশ্রম কিছুটা কমবে, পাশাপাশি বেশি কাজ করে আয় করার সুযোগ তৈরি হবে। কারও কাছে অসহায় হয়ে থাকতে চান না তিনি; চান নিজের শ্রমে স্বাবলম্বী হয়ে সম্মানের সঙ্গে বেঁচে থাকতে।
এ বিষয়ে মনিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সম্রাট হোসেন বলেন, “সুরভী শারীরিক প্রতিবন্ধী এবং খুবই অসহায় পরিবারের। স্বামীর অত্যাচারে মায়ের বাড়িতে এসে থাকে। আমরা পরিষদ থেকে তাঁর জন্য একটি প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করে দিয়েছি। সরকার যদি মেয়েটির দিকে একটু সুনজর দেয়, তাহলে হয়তো সে আরও একটু ভালো জীবনযাপন করতে পারবে।”
জীবনের কঠিন বাস্তবতা সুরভীকে বারবার থামিয়ে দিতে চাইলেও মেয়েকে মানুষ করার স্বপ্ন তাঁকে সামনে এগিয়ে নিচ্ছে। একটি নিরাপদ আশ্রয় আর কর্মসংস্থানের সুযোগ পেলে হয়তো বদলে যেতে পারে তাঁর জীবন। এখন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের সহযোগিতার অপেক্ষায় রয়েছেন তিনি।