মতলব দক্ষিণে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১০:০৩ পিএম
মতলব দক্ষিণ প্রতিনিধি:
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন উপজেলা শাখার উদ্যোগে বার্ষিক মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে উপজেলার দুটি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্র দুটি হলো মতলব সরকারি কলেজ এবং আশ্বিনপুর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ।
এ পরীক্ষায় উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন ও শিক্ষাপ্রতিষ্ঠানের নার্সারি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এতে মতলব সরকারি কলেজ কেন্দ্রে ৬৬৯ জন,আশ্বিনপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে ৬৩৩ জন মোট ১ হাজার ৩০২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
পরীক্ষা চলাকালে কেন্দ্র দুটি পরিদর্শন করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন মতলব দক্ষিণ উপজেলা শাখার সভাপতি ফারুক আহমেদ বাদল ও সাংগঠনিক সম্পাদক আশরাফুল জাহান শাওলিন। তাঁরা পরীক্ষার সার্বিক পরিবেশ, শিক্ষার্থীদের উপস্থিতি এবং সুষ্ঠুভাবে পরীক্ষা কার্যক্রম পরিচালনার বিষয়গুলো ঘুরে দেখেন। এ সময় অ্যাসোসিয়েশনের অন্যান্য নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সুপ্ত মেধা ও প্রতিভার বিকাশ, পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং তাদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে প্রতিবছর এ ধরনের মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। এ পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের যোগ্যতা যাচাই করার পাশাপাশি ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত হবে।
তাঁরা আরও বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে শুধু পাঠ্যবইয়ের পড়াশোনা নয়, পাশাপাশি নিয়মিত অনুশীলন, অধ্যবসায় ও আত্মবিশ্বাসেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ ধরনের পরীক্ষা শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি এবং ভবিষ্যতের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুত হতে সহায়তা করবে।
এদিকে, পরীক্ষার ফলাফল নিয়ে শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি না করার জন্য অভিভাবকদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন আয়োজকরা। কোনো শিক্ষার্থী মেধাবৃত্তি অর্জন করতে না পারলেও তাকে হতাশ না করে উৎসাহ ও অনুপ্রেরণা দেওয়ার আহ্বান জানান তাঁরা।
আয়োজকদের মতে, একটি পরীক্ষার ফলাফলই জীবনের চূড়ান্ত সাফল্য নির্ধারণ করে না। বরং অভিভাবকদের ইতিবাচক মনোভাব, ভালোবাসা ও সহযোগিতা সন্তানদের আত্মবিশ্বাসী করে তোলে এবং ভবিষ্যতের বড় চ্যালেঞ্জ মোকাবিলায় সাহস জোগায়। তাই ফলাফল যা-ই হোক, প্রতিটি শিক্ষার্থীর প্রচেষ্টা ও অংশগ্রহণকে মূল্যায়ন করে তাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেওয়া জরুরি।
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার মানোন্নয়নে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।