দৌলতপুরে এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি ভাঙচুর, লুটপাট ও জমি দখলের মামলা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১০:১০ পিএম
তানভীর আজাদ কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের বাবা আবদুল হালিমের বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর, মারধর, মালামাল লুট ও জমি দখলের অভিযোগে মামলা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দৌলতপুর থানায় উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান টেনশন মোড় এলাকার বাসিন্দা ইদ্রিস আলী (৬৭) বাদী হয়ে মামলাটি করেন। মামলায় আবদুল হালিমকে একমাত্র এজাহারভুক্ত আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে আবদুল হালিমের দুই ভাইয়ের কাছ থেকে সোয়া চার কাঠা জমি কেনেন ইদ্রিস আলী। জমির দখল বুঝে নিয়ে সেখানে বাড়ি নির্মাণ করে পরিবারসহ বসবাস শুরু করেন তিনি। তবে পরবর্তী সময়ে ওই জমি দখলের চেষ্টা করেন আবদুল হালিম। এ নিয়ে বিরোধের জেরে গত বছরের ১৩ সেপ্টেম্বর সকালে দেশীয় অস্ত্র নিয়ে আবদুল হালিম ও তাঁর সহযোগীরা ইদ্রিস আলীর বাড়িতে হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়, হামলাকারীরা বসতঘরের বেড়া, দরজা-জানালা, টিনের চাল ও আসবাবপত্র ভাঙচুর করেন। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়। বাধা দিতে গেলে ইদ্রিস আলী ও তাঁর স্ত্রী মিনা খাতুনকে লাঠি দিয়ে মারধর করা হয়। এ সময় ঘর থেকে তিনটি খাট ও ১০ বান্ডেল টিনসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল লুট করে নেওয়ার অভিযোগও করা হয়েছে।
বাদী ইদ্রিস আলী এজাহারে আরও জানান, ঘটনার পর স্থানীয়ভাবে বিচার চাইলে উল্টো ২০২৫ সালের ১৬ সেপ্টেম্বর তাঁর বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা করেন আবদুল হালিম। ওই মামলায় তাঁকে কারাগারেও যেতে হয়। পরে জামিনে মুক্ত হয়ে তিনি জানতে পারেন, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের প্রভাব খাটিয়ে আবদুল হালিম বিরোধপূর্ণ জমিটি দখল করে নিয়েছেন। এ নিয়ে বাড়াবাড়ি করলে অস্ত্র মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। নিরাপত্তাহীনতার কারণে একপর্যায়ে পরিবারসহ এলাকা ছেড়ে শ্বশুরবাড়িতে আশ্রয় নেন।
এজাহারে আরও বলা হয়, গত ১২ নভেম্বর আবদুল হালিমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় দায়ের করা মামলায় ইদ্রিস আলী ও তাঁর পরিবারের সদস্যদের জড়ানোর চেষ্টা চলছে বলে তিনি জানতে পারেন। নিরাপত্তাহীনতা ও ভয়ের কারণে এত দিন মামলা করতে পারেননি বলে এজাহারে উল্লেখ করেছেন বাদী।
ইদ্রিস আলী বলেন, “আবদুল হালিমের ভাইদের কাছ থেকে আমি জমি কিনেছিলাম। কেনা জমিটি হালিমের বাড়ির নিচের দিকে বাঁশঝাড় এলাকায়। মূলত সেই ঘটনার জন্যই থানায় মামলা করেছি।”
অভিযোগের বিষয়ে আবদুল হালিম বলেন, মামলার বিষয়টি তাঁর জানা নেই। ইদ্রিস আলী এলাকায় থাকেন না এবং এলাকায় তাঁর অনেকের সঙ্গে বিরোধ রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই তিনি পলাতক বলে জানেন। তিনি আরও বলেন, ভাইদের জমি কেনাবেচা নিয়ে একটি বিষয় ছিল। হয়তো কারও প্ররোচনায় এখন এসে মামলা করেছেন ইদ্রিস আলী। এ বিষয়ে তিনি এখনো বিস্তারিত কিছু জানেন না।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার সকালে ইদ্রিস আলী নামের এক ব্যক্তি আবদুল হালিমের বিরুদ্ধে মামলাটি করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) মহসীন চৌধুরী বলেন, তাঁকে মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।