জাবির প্রধান ফটকে ছাত্রলীগের তালা: চারদিন পেড়োলেও প্রশাসন নীরব

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১০:৩২ পিএম

জাবি প্রতিনিধি

১০ নভেম্বর জাবির প্রধান ফটকে ছাত্রলীগের তালা দেওয়ার ঘটনায় চার দিনেও মামলা করেনি প্রশাসন। সিসিটিভি ফুটেজে অভিযুক্তদের শনাক্তের কথা জানালেও দৃশ্যমান পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ জানিয়েছেন ছাত্রসংগঠনের নেতারা। প্রশাসন বলছে, পুলিশকে অবহিত করা হয়েছে এবং নিরাপত্তা জোরদারের উদ্যোগ চলছে।

জানা যায়, গত ১০ নভেম্বর ভোররাতে ছাত্রলীগের পূর্বঘোষিত ‘লকডাউন কর্মসূচি’র অংশ হিসেবে কয়েকজন নেতাকর্মী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ডেইরি গেটে তালা দেন। এ সময় বাধা দেওয়ায় দায়িত্বে থাকা এক নিরাপত্তারক্ষীকে গুলি করার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। পরে তাকে ফটকের ভেতরে রেখে বাইরে থেকে তালা লাগিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন তাঁরা। পরে নিরাপত্তাকর্মীরা তালা খুলে দেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি সূত্র জানায়, ঘটনার পর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল সাদকে শনাক্ত করা হয়েছে। তার নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে সূত্রটির দাবি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে থাকা উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামসুল আলম জানান, ‘আমরা এ বিষয়ে সতর্ক অবস্থানে আছি। চার-পাঁচজনের নাম থানায় দেওয়া হয়েছে। ঢাকা জেলার পুলিশ সুপার ও আশুলিয়া থানাকে তাদের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তারের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দিতে বলা হয়েছে।’

তিনি বলেন, ‘আগে বিশ্ববিদ্যালয়ে ১২ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করতেন। সশস্ত্র পুলিশ মোতায়েনের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোতে চিঠি দেওয়া হয়েছে। আশা করছি, দ্রুতই এ ব্যবস্থা কার্যকর হবে। রাতে বিশ্ববিদ্যালয়ের সব গেটে সশস্ত্র পুলিশের টহলের নির্দেশনাও দেওয়া হয়েছে।’

তবে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ছাত্রসংগঠনগুলোর নেতারা। জাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘এটি শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিষয় নয়, জাতীয় ইস্যু। এ ক্ষেত্রে সরকারের যেমন দায়িত্ব ছিল, তেমনি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে বিশ্ববিদ্যালয় প্রশাসনেরও দায়িত্ব রয়েছে। কিন্তু উভয় পক্ষই ব্যর্থতার পরিচয় দিয়েছে।’

তিনি অভিযোগ করেন, ‘ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কখন পুলিশ বা নিরাপত্তাকর্মীরা দায়িত্বে থাকেন না-এ ধরনের তথ্য আগে থেকে জানার সুযোগ নিয়ে একটি পক্ষ তালা দেওয়ার ঘটনায় সহযোগিতা করেছে বলে আমরা মনে করি। প্রশাসনের পক্ষ থেকেও জোরালো কোনো তৎপরতা দেখা যায়নি।’

শাখা ছাত্রশক্তির সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন, ‘যারা বিশ্ববিদ্যালয়ের ফটকে তালা দিয়েছে, তারা চিহ্নিত সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে হামলার অভিযোগ রয়েছে এবং কেউ কেউ বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত। অভিযুক্তদের একজনকে এর আগেও পুলিশ গ্রেপ্তার করেছিল। পরে জামিনে বেরিয়ে এসে তারা আবারও ক্যাম্পাসে নাশকতামূলক কর্মকাণ্ডের চেষ্টা করছে।’

তিনি বলেন, ‘সিসিটিভি ফুটেজের মাধ্যমে তালা দেওয়ার ঘটনায় জড়িত সবাইকে শনাক্ত করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এ বিষয়ে কঠোর আইনি পদক্ষেপ নিতে হবে।’

জাবি ছাত্র ইউনিয়নের সভাপতি অদ্রি অংকুর বলেন, ‘ডেইরি গেটে নিষিদ্ধ ছাত্রলীগের তালা দেওয়ার ঘটনা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাব্যবস্থার নাজুক অবস্থাই তুলে ধরে। ঘটনার এত দিন পরও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর ব্যবস্থা দেখতে পাচ্ছি না। নিষিদ্ধ ছাত্রলীগ কখনো বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখে কর্মসূচি করছে, কখনো ক্যাম্পাসের ভেতরে পোস্টারিং করছে। এসব ঘটনার তদন্ত বা প্রতিরোধে প্রশাসনের দৃশ্যমান উদ্যোগ নেই।’

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলায় মদদদাতা শিক্ষকদের বিরুদ্ধেও নামমাত্র ব্যবস্থা নেওয়া হয়েছে। এসব ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করার পাশাপাশি নিষিদ্ধ ছাত্রলীগের কর্মকাণ্ড বন্ধ করে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

তবে এ ঘটনায় কিছুটা ভিন্ন কথা বলেন জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর। তিনি বলেন, ‘আমি প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলছি। এ ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এর মধ্যে ক্যাম্পাস বন্ধ ছিল। উপাচার্য ও উপ-উপাচার্য স্যারও ক্যাম্পাসে ছিলেন না।’

এদিকে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো মামলা হয়নি। তবে আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্ত এবং তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

এর আগে ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হালিম জানিয়েছিলেন, সাভার থানা, সাভার সার্কেল, আশুলিয়া থানা পুলিশ, ডিজিএফআইসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাকে বিষয়টি জানানো হয়েছে। মামলা করার প্রস্তুতি চলছে বলেও তিনি জানিয়েছিলেন।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ নজরুল ইসলাম তখন বলেছিলেন, প্রধান ফটকে তালা দেওয়ার ঘটনা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও নিরাপত্তার পরিপন্থী। অভিযুক্তদের শনাক্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তবে ঘটনার পর চার দিন পেরিয়ে গেলেও মামলা না হওয়া এবং অভিযুক্তদের বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ না থাকায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com