জয়পুরহাটে ৪৬০ এতিম শিক্ষার্থীর মুখে হাসি ফোটাল শারজাহ চ্যারিটি

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১০:২১ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের

জয়পুরহাটের পাঁচবিবিতে ৪৬০ জন এতিম শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করেছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক আন্তর্জাতিক দাতা সংস্থা 'শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল-বাংলাদেশ সংস্থাটির এই মানবিক উদ্যোগে নতুন শিক্ষা সামগ্রী পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে শিক্ষার্থীরা।

শনিবার ১৪ নভেম্বর দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানে সংস্থাটির কাফালতভুক্ত ৪৬০ জন এতিম শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগ, খাতা, কলম ও জ্যামিতি বক্সসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল-বাংলাদেশের প্রতিনিধি মুস্তাফিজুর রহমান এবং সংস্থাটির জয়পুরহাট শাখার সাধারণ সম্পাদক হাসান ফারুকী।

আয়োজকরা জানান, এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের পড়াশোনায় উৎসাহিত করা এবং তাদের শিক্ষাজীবনকে আরও সহজ ও আনন্দময় করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। উপকরণের অভাবে যেন কোনো শিশু শিক্ষা থেকে পিছিয়ে না পড়ে, সেই লক্ষ্যেই তাদের এই প্রচেষ্টা।

নতুন ব্যাগ ও খাতা-কলম হাতে পেয়ে শিক্ষার্থীদের চোখেমুখে আনন্দের ছাপ দেখা যায়। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকলে সুবিধাবঞ্চিত শিশুদের পড়াশোনার প্রতি আগ্রহ আরও বাড়বে।

অনুষ্ঠান শেষে আয়োজকরা এতিম ও অসহায় শিশুদের শিক্ষা, চিকিৎসা ও সার্বিক কল্যাণে সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com