নওগাঁ থেকে চুরি হওয়া ট্রাক এক রাতেই উদ্ধার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ পিএম
মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁ শহরের রজাকপুর ট্রাক টার্মিনাল থেকে চুরি হওয়া একটি ট্রাক এক রাতের ব্যবধানে বগুড়া থেকে উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সুপারের তাৎক্ষণিক নির্দেশনা, আন্তজেলা পুলিশের সমন্বিত তৎপরতা এবং স্থানীয় জনগণের সহযোগিতায় ট্রাকটি উদ্ধার করা সম্ভব হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মোঃ কাজল (৪৫) নামের এক ব্যক্তির ঢাকা মেট্রো-ট-১৪-৭১৯৭ নম্বরের ট্রাকটি গত ১২ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে নওগাঁ সদর মডেল থানার রজাকপুর ট্রাক টার্মিনালে পার্কিং করে তিনি বাড়িতে যান। পরদিন ১৩ নভেম্বর সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ট্রাকটির কেবিনের জানালার গ্লাস ভেঙে সেটি চালিয়ে নিয়ে যায়।
ঘটনাটি ৯৯৯-এর মাধ্যমে নওগাঁ সদর মডেল থানা পুলিশকে জানানো হলে পুলিশ সুপার বিষয়টি অবগত হয়ে দ্রুত উদ্ধারের উদ্যোগ নেন। তাঁর নির্দেশনায় তাৎক্ষণিকভাবে নাটোর, বগুড়া ও জয়পুরহাট জেলা পুলিশসহ হাইওয়ে পুলিশকে সতর্ক করা হয়। একই সঙ্গে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে শুরু হয় তল্লাশি।
পুলিশের ধারাবাহিক তল্লাশি ও নজরদারির মুখে চোরেরা ১৪ নভেম্বর রাত ১টার দিকে বগুড়ার কাহালু থানাধীন কাহালু বেতার কেন্দ্রের সামনে সড়কের ওপর ট্রাকটি ফেলে পালিয়ে যায়।
পরে ট্রাকের মালিক ও স্থানীয় জনগণের সহযোগিতায় পুলিশ ট্রাকটি উদ্ধার করে নওগাঁয় নিয়ে আসে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।