নাটোরে যুবদলের কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বহিষ্কৃত নেতা হাবিব মাস্টার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৯:০৪ পিএম
মোঃ সিফাত মাহমুদ, সিংড়া (নাটোর) প্রতিনিধি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে দেশব্যাপী নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে নাটোর জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) বিকেল ৪টায় নাটোরের কানাইখালী এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে সিংড়া উপজেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক নিয়ে অংশগ্রহণ করেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ও বহিষ্কৃত নেতা হাবিবুর রহমান হাবিব মাস্টার।
কর্মসূচিতে তাঁর এমন উপস্থিতি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। দীর্ঘদিন পর নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে আবারও রাজপথে নিজের সাংগঠনিক অবস্থান জানান দেন তিনি।
হাবিবুর রহমান হাবিব মাস্টার বলেন, “গত ১৭ বছর আওয়ামী লীগবিরোধী সব কর্মসূচিতে রাজপথে থেকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছি। তাই ঘরে বসে থাকতে পারিনি। নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে আবারও রাজপথে এসেছি।”
এদিকে তাঁর সঙ্গে কর্মসূচিতে অংশ নেন সিংড়া উপজেলার ১২টি ইউনিয়ন যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা। তাঁরা বলেন, হাবিবুর রহমান হাবিব মাস্টার দলের দুর্দিনের একজন নেতা। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
তাঁকে পুনরায় দলে ফিরিয়ে নেওয়া হলে সিংড়া উপজেলা যুবদল আরও গতিশীল, শক্তিশালী ও ঐক্যবদ্ধ হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। এ সময় হাবিবুর রহমান হাবিব মাস্টারকে দলে ফিরিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনার জন্য জেলা ও কেন্দ্রীয় যুবদলের নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা।