শীতার্তদের পাশে দাঁড়াতে জালালাবাদ এসোসিয়েশনের শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ কর্মসূচি
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পিএম
কুবি প্রতিনিধি:
শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আঞ্চলিক সংগঠন জালালাবাদ এসোসিয়েশন। এ কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, সাবেক শিক্ষার্থী ও সামর্থ্যবান ব্যক্তিদের কাছ থেকে নতুন-পুরোনো শীতবস্ত্র এবং আর্থিক সহায়তা সংগ্রহ করবে সংগঠনটি।
সংগঠন সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের পাঁচটি আবাসিক হল থেকে শীতবস্ত্র সংগ্রহের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া ক্যাম্পাসের প্রধান ফটক ও বিজয়-২৪ হলের সিঁড়ির সামনে দুটি সংগ্রহ বক্স রাখা হবে। আগ্রহীরা এসব বক্সে নতুন কিংবা ব্যবহারযোগ্য পুরোনো কাপড় জমা দিতে পারবেন। পাশাপাশি সংগঠনের প্রচারপত্রে দেওয়া যোগাযোগ নম্বরে আর্থিক সহায়তাও পাঠানো যাবে।
জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ হোসেন তাজিম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের পাঁচটি হল থেকেই কাপড় সংগ্রহের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া ক্যাম্পাসের প্রধান ফটক ও বিজয়-২৪ হলের সিঁড়ির সামনে সংগ্রহ বক্স রাখা হবে। কেউ চাইলে সেখানে সরাসরি কাপড় জমা দিতে পারবেন। আর্থিক সহায়তা পাঠানোর জন্য প্রচারপত্রে যোগাযোগ নম্বরও দেওয়া হয়েছে।’
সংগঠনের সভাপতি মোহাম্মদ জীবন ভূঁইয়া বলেন, ‘শীতকাল অনেকের কাছে আনন্দের হলেও গৃহহীন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ঋতু কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে রাস্তায় বসবাস করা মানুষ ও শিশুরা শীতবস্ত্রের অভাবে দুর্ভোগে পড়ে। অনেকেই অসহায় মানুষের পাশে দাঁড়াতে চান, কিন্তু কীভাবে সহায়তা করবেন, তা খুঁজে পান না। মূলত দাতা ও সহায়তাপ্রত্যাশী মানুষের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতেই প্রতিবছর এ উদ্যোগ নেওয়া হয়। একজন মানুষও যদি শীতের কষ্ট থেকে কিছুটা স্বস্তি পান, সেটিই আমাদের উদ্যোগের সার্থকতা।’
তিনি আরও বলেন, ‘শুধু পুরোনো কাপড় নয়, কেউ চাইলে নতুন কাপড় দিয়েও সহযোগিতা করতে পারবেন। পাশাপাশি আর্থিক সহায়তার ক্ষেত্রেও নির্দিষ্ট কোনো পরিমাণ নির্ধারণ করা হয়নি। সামর্থ্য অনুযায়ী ১০ টাকা দিয়েও এ উদ্যোগে অংশ নেওয়া যাবে।’