টেকনাফ থেকে কক্সবাজারে যাওয়ার পথে মাইক্রোবাসে ১৪ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০২:১৪ পিএম

মোহাম্মদ হোসাইন, কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারের উখিয়ায় বিজিবির অভিযানে একটি মাইক্রোবাসের ইঞ্জিন কভারের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাইক্রোবাসের চালক মোঃ রহমত উল্লাহ (৩৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।

আটক রহমত উল্লাহ কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন শাহপরীর দ্বীপ গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মোঃ ইয়াকুব আলীর ছেলে।

শনিবার (২৮ নভেম্বর) উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি অধিনায়ক জানান, শনিবার সকাল আনুমানিক ৮টা ১০ মিনিটে শাহপরীর দ্বীপ থেকে কক্সবাজারগামী একটি মাইক্রোবাস ইমামের ডেইল চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা গাড়িটিতে তল্লাশি চালান। এ সময় মাইক্রোবাসের সামনের অংশে ইঞ্জিন কভারের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা খাকি রঙের প্যাকেটের ভেতরে নীল রঙের বায়ুরোধী প্যাকেটে মোড়ানো ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাইক্রোবাসের চালক মোঃ রহমত উল্লাহকে আটক করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাস, মোবাইল ফোন ও এলইডি ডিসপ্লে জব্দ করা হয়েছে।

বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি ইয়াবাগুলো শাহপরীর দ্বীপ থেকে কিনে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে কক্সবাজারে নিয়ে যাচ্ছিলেন বলে স্বীকার করেছেন। পরে মাইক্রোবাসটিতে আরও বিস্তারিত তল্লাশি চালানো হলেও অতিরিক্ত কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।

উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী ও এ চোরাচালানের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবি দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও বিভিন্ন ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে অভিযান পরিচালনা করে আসছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com