চুয়েটে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ৬
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পিএম
চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জেরে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক সাংবাদিকসহ অন্তত ছয়জন আহত হয়েছেন।
শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রথমে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনেও দুই পক্ষের মধ্যে কয়েক দফা মারামারির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থীকে কেন্দ্র করে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জেরে এ ঘটনার সূত্রপাত। সপ্তাহখানেক আগে বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী ভৈরব বর্মণ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কয়েকজন জুনিয়রের সঙ্গে কথা বলছিলেন। এ সময় একই শিক্ষাবর্ষের রাকিন নামের এক শিক্ষার্থী তাঁদের একজনকে ডেকে নিয়ে যান। পরে ভৈরবের পক্ষ থেকে ওই জুনিয়রদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়।
এর জের ধরে শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা বৈঠকে বসেন। সেখানে দুই পক্ষের শিক্ষার্থীরাই উপস্থিত ছিলেন। একপর্যায়ে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষ শুরু হয়। এতে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের বায়েজিদ, যন্ত্রকৌশল বিভাগের তুলন ও নাইমুলসহ কয়েকজন শিক্ষার্থী মারামারিতে জড়িয়ে পড়েন। এ সময় মেকাট্রনিক্স ও ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের রইসুল আহত হন। পরে প্রধান ফটকের সামনেও শিক্ষার্থীরা আরেক দফা সংঘর্ষে জড়ান।
এ বিষয়ে ভৈরব বর্মণ বলেন, ‘আমরা সবাই মিলে আলোচনায় বসেছিলাম। তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের দাহিক, পানিসম্পদ কৌশল বিভাগের রাকিন ও সিয়াম এবং তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের আব্দুল্লাহসহ কয়েকজন এসে আমার বন্ধুদের মারধর করেছেন।’
অভিযোগের বিষয়ে রাকিন ও আব্দুল্লাহর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের সাড়া পাওয়া যায়নি।
চুয়েট চিকিৎসাকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা জানান, আহত পাঁচ শিক্ষার্থীকে চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। তাঁদের মধ্যে তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বাকি দুজনকে অ্যাম্বুল্যান্সে করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে সংঘর্ষের সময় ভিডিও ধারণ করতে গিয়ে আহত হন দৈনিক আমাদের সময়ের চুয়েট প্রতিনিধি মিসবাহ উদ্দিন স্বাধীন। তিনি বলেন, ‘২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মারামারি থামাতে এসে ২০২১-২২ শিক্ষাবর্ষের অনেক শিক্ষার্থীও এতে জড়িয়ে পড়েন। এ সময় ভিডিও ধারণ করছিলাম কেন, তা জানতে চেয়ে তাঁরা আমার ওপর চড়াও হন।’
চুয়েট সাংবাদিক সমিতির সভাপতি আসাদুল্লাহ গালিব বলেন, ‘সিসিটিভি ফুটেজ দেখে সাংবাদিকের ওপর হামলাকারীদের শনাক্ত করে তাঁদের পরিচয় প্রকাশ করা হবে।’
বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক মো. সাইফুল ইসলাম বলেন, ‘আমাদের কাছে এখনো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’