উপাচার্য নিয়োগ নিয়ে চুয়েটে অচলাবস্থা, সড়ক অবরোধে জনদুর্ভোগ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১০:৪৫ পিএম

চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে দুই মাস ধরে চলা প্রশাসনিক অচলাবস্থা এবার ক্যাম্পাসের বাইরেও ছড়িয়ে পড়েছে। দাবি আদায়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির মধ্যে শুক্রবার চট্টগ্রাম-কাপ্তাই সড়ক অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে দীর্ঘ যানজট সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটে মিছিল নিয়ে ক্যাম্পাস থেকে বের হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। এতে পশ্চিমে পাহাড়তলী চৌমুহনী বাজার থেকে পূর্বে চট্টগ্রাম তাপবিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত যানজট ছড়িয়ে পড়ে। গত দুই মাসে মানববন্ধন, গণস্বাক্ষর, স্মারকলিপি ও খোলা চিঠিসহ বিভিন্ন কর্মসূচি পালন করলেও এবারই প্রথম ক্যাম্পাসের বাইরে সড়ক অবরোধ করলেন তাঁরা।

আন্দোলনরত নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আবির বলেন, তাঁদের আন্দোলন সরকারবিরোধী নয়; বরং উপাচার্য পরিবর্তনের দাবিতে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছেন তাঁরা। অধ্যাপক শেখ শরীফুল আলমকে সরিয়ে নতুন উপাচার্য নিয়োগ না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তিনি।

অন্যদিকে, সড়ক অবরোধের বিরোধিতা করে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবি জানিয়েছে চুয়েট শিক্ষক সমিতি। শুক্রবারের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ দাবিতে রোববার সকাল ১১টায় প্রশাসনিক ভবন-২-এর সামনে থেকে মৌন মিছিলের ঘোষণা দিয়েছে সংগঠনটি। তবে জনদুর্ভোগ সৃষ্টি করে এমন কর্মসূচিতে তাদের সমর্থন নেই বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সড়ক অবরোধের বিরোধিতা করেছে চুয়েট ছাত্রদলও। সংগঠনটির সভাপতি ওয়াসিফ রাশেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ প্রশাসনিক সংকটের কারণে সাধারণ মানুষের চলাচলে বাধা সৃষ্টি করা গ্রহণযোগ্য নয়। প্রচলিত আইন ও বিধিবিধান মেনেই সংকটের সমাধান হওয়া উচিত।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নিয়োগ দেওয়ার পর চুয়েটে অচলাবস্থার শুরু হয়। পরদিন থেকে উপাচার্যের কার্যালয়ে তালা দিয়ে শাটডাউন শুরু করেন শিক্ষার্থীরা। ৩৬ দিন বন্ধ থাকার পর ২৮ অক্টোবর আংশিক একাডেমিক কার্যক্রম চালু হলেও সংকট কাটেনি। সর্বশেষ গত বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক শাটডাউন কর্মসূচি শুরু করেছেন শিক্ষার্থীরা। এতে বিশ্ববিদ্যালয়ের পাঠদান, পরীক্ষা, গবেষণা ও ভর্তি কার্যক্রম অনিশ্চয়তার মুখে পড়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com