‎চারদিন ধরে নিখোঁজ কুবি শিক্ষার্থীর মা, সন্ধান চায় পরিবার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পিএম

‎কুবি প্রতিনিধি :

‎চারদিন ধরে নিখোঁজ রয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ ফোরকানের মা সাজিয়া সুলতানা (৪০)। এ ঘটনায় চট্টগ্রামের সাতকানিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে তার পরিবার। নিখোঁজ স্বজনকে খুঁজে না পেয়ে উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের সদস্যদের। তার সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করেছে পরিবার।

 

‎গত মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টার পর থেকে নিখোঁজ রয়েছেন সাজিয়া সুলতানা।

‎

‎নিখোঁজ সাজিয়া সুলতানা চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার উত্তর ছদাহা এলাকার উকিয়ারকুলের বৈদ্য বাড়ির বাসিন্দা। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে সাতকানিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর ১৩০৬।

‎

‎পরিবার সূত্রে জানা যায়, সাজিয়া সুলতানা বেশ কয়েক বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। গত ২৪ নভেম্বর সকাল আনুমানিক ১১টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। এরপর থেকে আর বাড়িতে ফিরে আসেননি। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল থ্রি-পিস। তাঁর চুল খাটো এবং গায়ের রং শ্যামলা।

‎সাজিয়া সুলতানার ছেলে ও কুবি শিক্ষার্থী মোহাম্মদ ফোরকান বলেন, “আমার মা বেশ কয়েক বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। গত ২৪ নভেম্বর সকাল ১১টার দিকে উত্তর ছদাহা, উকিয়ারকুলের বৈদ্য বাড়িতে আমার খালার বাসা থেকে তিনি নিখোঁজ হন। এরপর থেকে এখনো ফিরে আসেননি। আমরা সম্ভাব্য সব জায়গায় খুঁজেছি এবং নিকটস্থ থানায় জিডি করেছি। কোনো সহৃদয় ব্যক্তি আমার মায়ের সন্ধান পেয়ে থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করছি।”

‎নিখোঁজ সাজিয়া সুলতানাকে খুঁজে পেতে আত্মীয়স্বজনসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছে তার পরিবার। কেউ তার সন্ধান পেলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

‎ ০১৬৪১৩০৬৯৫১- রাজিয়া আক্তার (নিখোঁজ নারীর বোন)

‎০১৮৩৮৮০৩৬৪৪- মাহিম (নিখোঁজ নারীর ছেলে)

‎ ০১৯৪৯২৯৫৯৮১- ফোরকান (নিখোঁজ নারীর ছেলে)

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com