শাহ আমানত মাজার থেকে অবিস্ফোরিত ককটেলসহ আটক ২

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০১:৩৯ পিএম

চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:

চট্টগ্রাম নগরের শাহ আমানত (রা.) মাজার এলাকা থেকে একটি অবিস্ফোরিত ককটেলসহ দুই ব্যক্তিকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ১০টার দিকে জেল রোডে অবস্থিত মাজারের সামনের উঠান থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে লাল টেপে মোড়ানো একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাজারে অভিযান চালিয়ে ওই দুজনকে আটক করা হয়। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ককটেলটি নিজেদের হেফাজতে নেন।

তিনি বলেন, আটক ব্যক্তিদের নাশকতার উদ্দেশ্য ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এ ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

এদিকে, মাজারের মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানে ককটেল উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মাজারের উঠানে ককটেলটি পড়ে থাকতে এবং সেটিকে ঘিরে শতাধিক মানুষের ভিড় দেখা যায়। মাজার থেকে কয়েকশ গজ দূরেই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার অবস্থিত।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com