১৫ বছরের অপেক্ষার অবসান, বিসিএস মৎস্য ক্যাডারে যুক্ত হলো ৩৯৫ পদ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০২:২৪ পিএম

নাজমুস সাকিব, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

দীর্ঘ ১৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) মৎস্য ক্যাডারে ৩৯৫টি নতুন পদে নিয়োগের সুযোগ তৈরি হয়েছে। ২০১১ সালে মৎস্য সম্প্রসারণ ও মাননিয়ন্ত্রণ কর্মকর্তার এসব পদ সৃষ্টি করা হলেও জনবল কাঠামোর আদেশ হালনাগাদ না থাকায় এতদিন নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। অবশেষে নতুন আদেশ জারির মাধ্যমে পদগুলো মৎস্য ক্যাডারের কাঠামোতে অন্তর্ভুক্ত করেছে সরকার।

বুধবার (২৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৫ শাখা থেকে ‘বাংলাদেশ সিভিল সার্ভিস (মৎস্য) গঠন ও ক্যাডার আদেশ, ২০২৬’ জারি করা হয়। নতুন এ আদেশে মৎস্য ক্যাডারের মোট পদসংখ্যা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩৫৭টি। এর মধ্যে মূল ক্যাডার পদ ১ হাজার ২৯৫টি এবং ছুটি, প্রেষণ ও প্রশিক্ষণের বিপরীতে সংরক্ষিত পদ রয়েছে ৬২টি।

নতুন আদেশের ফলে দীর্ঘদিন ধরে বিভিন্ন সময়ে সৃষ্ট পদগুলো একটি পূর্ণাঙ্গ কাঠামোর আওতায় এসেছে। বিশেষ করে উপজেলা পর্যায়ে মৎস্য সম্প্রসারণ ও মাননিয়ন্ত্রণ কর্মকর্তার ৩৯৫টি পদ অন্তর্ভুক্ত হওয়ায় এসব পদে নিয়োগের প্রশাসনিক জটিলতা দূর হয়েছে। এতে মৎস্য অধিদপ্তরের জনবলসংকট কমার পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

এতদিন মৎস্য ক্যাডার পরিচালিত হতো ১৯৮০ সালের ‘বাংলাদেশ সিভিল সার্ভিস (অ্যাগ্রিকালচার: ফিশারিজ) কম্পোজিশন অ্যান্ড ক্যাডার রুলস’ অনুযায়ী। নতুন আদেশে পুরোনো বিধিমালা রহিত করে মৎস্য ক্যাডারের জন্য পৃথক কাঠামো নির্ধারণ করা হয়েছে। এতে ক্যাডারের নাম, অন্তর্ভুক্ত পদ, পদসংখ্যা, নিয়োগ ও জ্যেষ্ঠতা নির্ধারণের বিধান নতুন করে সংযোজন করা হয়েছে।

নতুন কাঠামো অনুযায়ী, মৎস্য ক্যাডারে মহাপরিচালকের একটি, অতিরিক্ত মহাপরিচালকের একটি, পরিচালকের ১৫টি, উপপরিচালকের ৩২টি, জেলা মৎস্য কর্মকর্তার ৪৮টি, সিনিয়র সহকারী পরিচালকের ৯৯টি এবং সহকারী পরিচালকের ৩৩টি পদ রয়েছে।

এ ছাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার ২৪৫টি, উপজেলা মৎস্য কর্মকর্তার ২৪৭টি, মৎস্য সম্প্রসারণ ও মাননিয়ন্ত্রণ কর্মকর্তার ৩৯৫টি, উপসহকারী পরিচালকের ৬৬টি এবং প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তার আটটি পদ অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি গবেষণা, বৈজ্ঞানিক কার্যক্রম, মৎস্য পরিদর্শন, কোয়ারেন্টাইন, মাননিয়ন্ত্রণ ও প্রশিক্ষণসংশ্লিষ্ট বিভিন্ন পদও এ কাঠামোর আওতায় এসেছে।

১৫ বছর ধরে আটকে ছিল ৩৯৫ পদ

বিসিএস মৎস্য ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি ও মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. খালেদ কনক জাগো নিউজকে বলেন, ‘মৎস্য সম্প্রসারণ ও মাননিয়ন্ত্রণ কর্মকর্তা হিসেবে ৩৯৫টি পদ নতুনভাবে সংযুক্ত হয়েছে। এটি আমাদের অধিদপ্তর বা বিসিএস ক্যাডারের জন্য একটি মাইলফলক।’

তিনি বলেন, ‘এই পদগুলো সৃষ্টি হয়েছিল ২০১১ সালে। দীর্ঘ ১৫ বছর ধরে ৩৯৫টি পদ আলোর মুখ দেখেনি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ক্যাডারের জনবল কাঠামোর বিষয়টি তুলে ধরলে তারা এর বাস্তবতা ও প্রয়োজনীয়তা উপলব্ধি করেন।’

খালেদ কনক আরও বলেন, মৎস্যসম্পদ ও মৎস্য ক্যাডারকে শক্তিশালী করতে এসব পদের প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে নতুন কাঠামোতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, বর্তমান সচিব, পিএসসির চেয়ারম্যান ও সদস্যসহ সংশ্লিষ্ট সবাইকে তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

মৎস্য অধিদপ্তরের সংশ্লিষ্টদের মতে, এসব পদে নিয়োগ দেওয়া হলে উপজেলা পর্যায়ে মৎস্যসেবা ও সম্প্রসারণ কার্যক্রম আরও জোরদার হবে। মাছচাষিরা আধুনিক প্রযুক্তি, উন্নত চাষপদ্ধতি ও রোগবালাই নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পরামর্শ পাবেন। পাশাপাশি মাছের উৎপাদন বৃদ্ধি, গুণগত মান নিশ্চিত করা, নিরাপদ মাছ উৎপাদন এবং মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনায় সরকারি কার্যক্রম আরও গতিশীল হবে।

১৯৮০ সালে পদ ছিল ১৯১টি, এখন ১ হাজার ৩৫৭

মৎস্য অধিদপ্তরের প্রশাসন শাখার এক কর্মকর্তা জাগো নিউজকে জানান, ১৯৮০ সালে অধিদপ্তরের অনুমোদিত জনবল কাঠামোতে পদ ছিল ১৯১টি। পরে ১৯৯১ সালে নতুন আদেশ জারি হলে পদের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫৬৯টিতে। এরপর বিভিন্ন সময়ে সরকারি প্রক্রিয়ায় আরও পদ সৃষ্টি হওয়ায় বর্তমানে মোট পদের সংখ্যা ১ হাজার ৩৫৭টিতে পৌঁছেছে।

তিনি জানান, বর্তমানে মৎস্য ক্যাডারে কর্মরত কর্মকর্তার সংখ্যা ৭২৬ জন। দীর্ঘদিন ধরে বিভিন্ন সময়ে পদ সৃষ্টি হলেও জনবল কাঠামোর আদেশ হালনাগাদ না হওয়ায় সেগুলোতে নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছিল না। নতুন আদেশের মাধ্যমে সব পদ একটি কাঠামোর আওতায় আসায় নিয়োগের প্রশাসনিক বাধা দূর হয়েছে।

ওই কর্মকর্তা আরও জানান, নবম গ্রেডের উপজেলা পর্যায়ের মৎস্য সম্প্রসারণ ও মাননিয়ন্ত্রণ কর্মকর্তার ৩৯৫টি পদ ২০১১ সালে সৃষ্টি করা হয়েছিল। তবে কাঠামোগত জটিলতার কারণে এসব পদে এতদিন কোনো কর্মকর্তা নিয়োগ পাননি।

নিয়োগ ও জ্যেষ্ঠতা নির্ধারণে নতুন বিধান

নতুন আদেশে মৎস্য ক্যাডারের কর্মকর্তাদের চাকরিতে প্রবেশের পর্যায়ে জ্যেষ্ঠতা নির্ধারণ করা হবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশপত্রে উল্লেখিত মেধাক্রম অনুযায়ী। নিয়োগের ন্যূনতম যোগ্যতা ও অন্যান্য শর্তের ক্ষেত্রে ১৯৮১ সালের বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগবিধি এবং ২০১৪ সালের সরাসরি নিয়োগের পরীক্ষা-সংক্রান্ত বিধিমালা অনুসরণ করতে হবে।

এ ছাড়া পুরোনো বিধিমালার অধীনে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের চাকরির ধারাবাহিকতা, প্রশিক্ষণ, শিক্ষানবিশকাল, চাকরি স্থায়ীকরণ, পদোন্নতি ও অর্জিত অধিকার সংরক্ষণের বিষয়টিও নতুন আদেশে উল্লেখ করা হয়েছে। পুরোনো বিধিমালা রহিত হওয়ার আগে যেসব কার্যক্রম অনিষ্পন্ন রয়েছে, সেগুলো আগের বিধিমালা অনুযায়ী নিষ্পন্ন হবে।

আদেশে আরও বলা হয়েছে, প্রয়োজনে অর্থ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতিক্রমে সরকার মৎস্য ক্যাডারের পদের সংখ্যা পরিবর্তন করতে পারবে।

নতুন এ আদেশের ফলে দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতা কাটিয়ে মৎস্য ক্যাডারের জনবল কাঠামো আরও সুসংগঠিত হওয়ার পাশাপাশি মৎস্য খাতের সম্প্রসারণ, গবেষণা ও মাননিয়ন্ত্রণ কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com