জীবনের সর্বক্ষেত্রে চাই সংযম, পরিহার করতে হবে ইসরাফ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পিএম

ইসলাম একটি ভারসাম্যপূর্ণ জীবনব্যবস্থা। মানুষের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনের প্রতিটি ক্ষেত্রে সংযম ও মধ্যপন্থা অবলম্বনের শিক্ষা দেয় এই ধর্ম। অথচ আবেগ, খাদ্যাভ্যাস, কেনাকাটা, বিনোদন, সামাজিকতা, এমনকি ইবাদতের ক্ষেত্রেও আমরা অনেক সময় সীমা অতিক্রম করি। ইসলামের পরিভাষায় এই সীমালঙ্ঘনই ‘ইসরাফ’।

ইসরাফ শুধু অর্থের অপচয় নয়; প্রয়োজন ও সামর্থ্যের অতিরিক্ত যেকোনো কাজ বা আচরণই এর অন্তর্ভুক্ত। কোরআনে এ ধরনের সীমালঙ্ঘনকারীদের বলা হয়েছে ‘মুসরিফিন’।

আবেগেও চাই ভারসাম্য

ভালোবাসা, রাগ, আনন্দ কিংবা শোক—সবই স্বাভাবিক অনুভূতি। কিন্তু এগুলোর অতিরিক্ত প্রকাশ অনেক সময় ক্ষতির কারণ হয়। অন্ধ ভালোবাসা সত্য-মিথ্যার পার্থক্য ভুলিয়ে দিতে পারে, আর নিয়ন্ত্রণহীন রাগ সম্পর্ক নষ্ট করে। অন্যদিকে, অন্যায়ের প্রতিবাদ না করে নীরব থাকাও দায়িত্বহীনতা। কোরআনে মুসলিম উম্মাহকে সৎকাজের আদেশ ও অসৎকাজে নিষেধ করার দায়িত্ব দেওয়া হয়েছে (সুরা আলে ইমরান, আয়াত ১১০)।

খাদ্যাভ্যাসে অপচয়

প্রয়োজনের অতিরিক্ত খাবার রান্না করা, প্লেটে বেশি খাবার নেওয়া কিংবা তা ফেলে দেওয়া—সবই ইসরাফ। রমজানের সাহ্‌রি-ইফতারেও অনেক সময় সংযমের বদলে খাবারের আয়োজন প্রাধান্য পায়।

আল্লাহ বলেন, ‘তোমরা খাও ও পান করো, কিন্তু অপচয় কোরো না। নিশ্চয়ই তিনি অপচয়কারীদের পছন্দ করেন না’ (সুরা আরাফ, আয়াত ৩১)। রাসুলুল্লাহ (সা.)-ও পরিমিত আহারের শিক্ষা দিয়েছেন (সুনানে তিরমিজি, হাদিস ২৩৮০)।

সময় ও বিনোদনের অপচয়

সামাজিক যোগাযোগমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা কাটানো কিংবা উদ্দেশ্যহীন আড্ডায় মগ্ন থাকা সময়ের বড় অপচয়। বিনোদন নিষিদ্ধ নয়, তবে তা যেন ইবাদত, পরিবার ও দায়িত্ব পালনে বাধা না হয়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘দুটি নিয়ামতের বিষয়ে অধিকাংশ মানুষ ধোঁকায় পড়ে আছে—সুস্থতা ও অবসর’ (সহিহ বুখারি, হাদিস ৬৪১২)।

কেনাকাটা ও সামাজিকতায় ইসরাফ

অপ্রয়োজনীয় কেনাকাটা, ছাড়ের প্রলোভনে জিনিসপত্র জমিয়ে রাখা কিংবা সামর্থ্যের বাইরে খরচ করাও ইসরাফ। বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে লোকদেখানো আয়োজনের জন্য ঋণ করাও এর অন্তর্ভুক্ত। আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই’ (সুরা ইসরা, আয়াত ২৭)। অন্যদিকে, মুমিনদের পরিচয় হলো—তারা ব্যয়ের ক্ষেত্রে অপচয়ও করে না, কৃপণতাও করে না; বরং মধ্যপন্থা অবলম্বন করে (সুরা ফুরকান, আয়াত ৬৭)।

ইবাদতেও চাই মধ্যপন্থা

ইবাদতের ক্ষেত্রেও বাড়াবাড়ি ইসলামের শিক্ষা নয়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘নিশ্চয়ই ইসলাম সহজ। তাই তোমরা মধ্যপন্থা অবলম্বন করো’ (সহিহ বুখারি, হাদিস ৩৯)।

তিন সাহাবি একবার নবীজি (সা.)-এর ইবাদত সম্পর্কে জেনে সারা রাত নামাজ পড়া, প্রতিদিন রোজা রাখা এবং বিয়ে না করার সংকল্প করেন। তখন তিনি নিজের ইবাদত ও পারিবারিক জীবনের ভারসাম্যের কথা তুলে ধরে বলেন, যে তাঁর সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নেয়, সে তাঁর অনুসারী নয় (সহিহ বুখারি, হাদিস ৫০৬৩)।

ফিরতে হবে ভারসাম্যের পথে

ইসরাফ থেকে বাঁচতে হলে নিজের জীবনযাপনের দিকে নজর দিতে হবে। কোথায় অপ্রয়োজনীয় সময়, অর্থ ও আবেগ ব্যয় করছি, তা নিয়ে আত্মসমালোচনা জরুরি।

কোরআনে মুমিনদের দোয়া শেখানো হয়েছে, ‘হে আমাদের প্রতিপালক! আমাদের পাপ এবং আমাদের কাজে সীমালঙ্ঘন ক্ষমা করুন। আমাদের অবিচল রাখুন এবং আমাদের সাহায্য করুন’ (সুরা আলে ইমরান, আয়াত ১৪৭)।

জীবনের প্রকৃত সৌন্দর্য ভোগ বা অর্জনের আধিক্যে নয়, বরং সংযম ও ভারসাম্যে। তাই ব্যক্তিগত জীবন থেকে সামাজিক পরিসর—সবখানেই ইসরাফ পরিহার করে দায়িত্বশীল জীবন গড়ে তোলাই হোক আমাদের অঙ্গীকার।

লেখক: মোহাম্মদ হাসান, সাংবাদিক ও কলামিস্ট

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com