জয়পুরহাটে ১৩ মামলার আসামি গ্রেপ্তার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৪:০০ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
জয়পুরহাট সদর উপজেলার দক্ষিণ জামালপুর এলাকা থেকে ১৩টি মামলার শীর্ষ সন্ত্রাসী মোঃ রতন সরকারকে (৩৩) গ্রেপ্তার করেছে এসআরবি-৫ রাজশাহীর অধীন সিপিসি-৩ জয়পুরহাটের একটি অভিযানিক দল। এ সময় তার বসতবাড়ি থেকে একটি অবৈধ বিদেশি পিস্তল, ম্যাগাজিন, তাজা গুলি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার দক্ষিণ জামালপুরের দাদরা ধিয়াপাড়া গ্রামে স্থানীয় তল্লাশির সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার রতন সরকার ওই গ্রামের মৃত ভূমি সরকারের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক, বিশেষ ক্ষমতা আইন, অপহরণ, চাঁদাবাজি, সন্ত্রাসবিরোধী আইন ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধে মোট ১৩টি মামলা রয়েছে বলে জানিয়েছে অভিযান পরিচালনাকারী কর্তৃপক্ষ।
অভিযানে তার হেফাজত থেকে আমেরিকায় তৈরি একটি অবৈধ বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি তাজা গুলি, একটি গুলির খোসা এবং সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহৃত পাঁচটি সেলফোন জব্দ করা হয়।
এসআরবি-৫ কর্তৃপক্ষ জানায়, আইনের শাসন প্রতিষ্ঠা, অপরাধ দমন এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত থাকবে।