সাটুরিয়ায় স্ত্রী হত্যা; ১৮ বছর পর চট্টগ্রাম থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রবিনকে গ্রেপ্তার করেছে পুলিশ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৫:১২ পিএম

মানিকগঞ্জ প্রতিনিধি:

স্ত্রী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি একরামুল হক রবিনকে ১৮ বছর পর চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ । বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও সাটুরিয়া থানা পুলিশের যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয় । শুক্রবার (২৭ নভেম্বর) সকালে তাঁকে মানিকগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে ।

গ্রেপ্তার রবিন (৪৬) মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোলড়া গ্রামের রফিকুল ইসলাম মিলুর ছেলে ।

 এসআরবি'র ১০ ও ৭ নম্বর ইউনিট এবং সাটুরিয়া থানা পুলিশের যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালায় ।

সাটুরিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, ২০০৮ সালের ১৮ জুলাই নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১১(ক)/৩০ ধারায় সাটুরিয়া থানায় একটি মামলা হয় । ওই মামলায় আদালত রবিনকে মৃত্যুদণ্ড দেন । রায়ের পর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন । দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে চলছিলেন ।

মামলার বিবরণ অনুযায়ী, ২০০৭ সালে চাঁদপুরের মতলব উপজেলার আশ্বিনপুর গ্রামের মনিরুল ইসলামের মেয়ে মিতুর সঙ্গে রবিনের বিয়ে হয় । বিয়ের পর যৌতুকের দাবিতে স্ত্রীর পরিবারের ওপর চাপ সৃষ্টি করেন তিনি । একপর্যায়ে মিতুর পরিবার এক লাখ ১০ হাজার টাকা দিলেও আরও সাড়ে চার লাখ টাকা দাবি করা হয় বলে মামলার অভিযোগে উল্লেখ রয়েছে ।

অভিযোগ অনুযায়ী, দাবিকৃত টাকা না পেয়ে ২০০৮ সালের ১৭ জুলাই রাতে মিতুকে নির্যাতনের পর হত্যা করা হয় । পরদিন ১৮ জুলাই মিতুর মামা ইকবাল হোসেন বাদী হয়ে রবিন ও তার বাবা রফিকুল ইসলামকে আসামি করে সাটুরিয়া থানায় মামলা করেন ।

তদন্ত শেষে ২০০৯ সালে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ । মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে ২০২১ সালের ৬ জানুয়ারি মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আলী হোসাইন রবিনকে মৃত্যুদণ্ড দেন । তবে তাঁর বাবা রফিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে খালাস দেওয়া হয় ।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, দীর্ঘদিন পলাতক থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় শনাক্ত করা হয় । পরে যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে । প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com